October 28, 2026

আরব সাগরের গভীরে নতুন প্রজাতির বিদ্যুৎ উৎপাদক মাছের সন্ধান, নজির গড়ল জেডএসআই

সোমালিয়া ওয়েব নিউজ: সমুদ্রের অতল গভীরে লুকিয়ে রয়েছে জীববৈচিত্র্যের অজানা ভাণ্ডার। এবার দক্ষিণ-পূর্ব আরব সাগরের গভীর জলে নতুন প্রজাতির ইলেকট্রিক রে মাছের সন্ধান পেলেন ভারতের বিজ্ঞানীরা। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই-এর এই আবিষ্কার সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষণায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।

নতুন প্রজাতিটির বৈজ্ঞানিক নাম Tetronarce ramanamurthyi sp. nov., গবেষকদের মতে, উত্তর ভারত মহাসাগরে এই প্রথম Tetronarce গণের মাছের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। নতুন প্রজাতিটি গাঢ় নীলচে-কালো থেকে গাঢ় বাদামি রঙের। এর শারীরিক গঠন ও জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেই পৃথক প্রজাতি হিসেবে এর পরিচয় নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা।

পৃথিবী বিজ্ঞান মন্ত্রকের ‘ডিপ ওশান মিশন’-এর আওতায় এই গবেষণা পরিচালিত হয়। ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূলের গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা ন’টি নমুনার ভিত্তিতে নতুন প্রজাতিটিকে শনাক্ত করা হয়েছে। গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Zootaxa-তে।

এই আবিষ্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশেষ সম্মানও। ডিপ ওশান মিশনের মিশন ডিরেক্টর ড. এম ভি রমণ মূর্তির অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নাম অনুসারেই নতুন প্রজাতিটির নামকরণ করা হয়েছে।

বিজ্ঞানীদের মতে, সমুদ্রের গভীর অংশ এখনও জীববৈচিত্র্যের দিক থেকে অনেকটাই অনাবিষ্কৃত। আধুনিক জিনগত বিশ্লেষণ ও প্রাণীর শারীরিক বৈশিষ্ট্য পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতে আরও অজানা সামুদ্রিক প্রজাতির সন্ধান মিলতে পারে। ফলে এই আবিষ্কার শুধু নতুন একটি মাছের পরিচয় উন্মোচন নয়, ভারতের গভীর সমুদ্রের রহস্য উদ্ঘাটনের পথেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Loading