ডাক্তার পরিচয়ে বিয়ে সারার আগেই পর্দা ফাঁস, দুধ বিক্রেতা পাত্র এখন শ্রীঘরে!

সোমালিয়া ওয়েব নিউজ : মুর্শিদাবাদের এক যুবক ভুয়ো ডাক্তার পরিচয় দিয়ে এক নার্সিং পড়ুয়াকে বিয়ে করতে এসে ধরা পড়ে, যেতে হল শ্রীঘরে। রীতিমতো বরযাত্রী নিয়ে সেজেগুজে জয়পুর থানা এলাকার বাসিন্দা ওই নার্সিং পড়ুয়াকে বিয়ে করতে এসেছিল। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে। পাত্রী বিয়ের পিঁড়ি থেকে উঠে যান। ভণ্ডুল হয়ে যায় বিয়ে। শেষে পাত্রীপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ বরকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাপি চাঁদপাড়ি। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে। আদতে সে দুধের ব্যবসা করে। সোশাল মিডিয়ায় পরিচয় হওয়া নার্সিং পড়ুয়াকে সে নিজেকে কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক বলে পরিচয় দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে লগ্ন থাকায় বুধবার রাত ১টা নাগাদ ৫০ জন বরযাত্রী নিয়ে বর পৌঁছয় পাত্রীর বাড়িতে। ডাক্তার জামাই বলে কথা। বিয়ের আয়োজনেও পাত্রীপক্ষ খামতি রাখেননি। ঝা চকচকে প্যাণ্ডেল ও বাহারি আলোকমালায় সাজিয়ে তোলা হয় বিয়ের মণ্ডপ। আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়াও প্রায় শেষের মুখে। রাত দু’টো নাগাদ বরযাত্রীদেরও খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে যায়। এরপরেই বিয়ের পর্ব শুরু হয়। পুরোহিত মহাশয় মন্ত্রপাঠও শুরু করে দেন। বিয়ের পিঁড়িতে পাত্রীও বসে যান। সাত পাকে ঘোরাও হয়ে যায়। তবে সিঁদুর দানের আগেই সব গণ্ডগোল হয়ে যায়। পাত্রী পক্ষের একজনের সঙ্গে গল্প করতে করতে পাত্রের এক আত্মীয় কথায় কথায় সব ফাঁস করে দেন। পাত্রীপক্ষের সকলেই জানতেন পাত্র পেশায় নামি হাসপাতালের ডাক্তার। কেউ কেউ ইয়ার্কি করে বলেও বসেন যে এবার থেকে কারও অসুখ হলে আর চিন্তা নেই। সোজা এসএসকেএম হাসপাতালে চলে যাব। এই কথা বলা মাত্রই পাত্রের সঙ্গে আসা এক আত্মীয় তাঁকে বলেন যে, পাত্র তো ডাক্তার নয়। সে তো দুধের ব্যবসা করে। একথা শুনেই পাত্রীর ওই আত্মীয় হতবাক হয়ে যান। তিনি সঙ্গে সঙ্গে পাত্রীর বাবাকে বিষয়টি জানান। তিনি তাঁর মেয়েকে সেকথা জানালে পাত্রী সিঁদুর দানের আগেই বিয়ের পিঁড়ি থেকে উঠে বসেন। পুরোহিতকে অবিলম্বে বিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। ঘটনায় গোটা গ্রামে শোরগোল পড়ে যায়। চেঁচামেচিতে বেশ উত্তেজনাও ছড়ায়। পরে পাত্রকে আটকে রাখা হয়। পরিস্থিতি বেগতিক দেখে বরযাত্রীরা পালিয়ে যান। এরপরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে পাত্রকে আটক করে। পরে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়পুরের বাসিন্দা ওই তরুনী কল্যানীতে নার্সিং ট্রেনিং নিচ্ছেন। তাঁর সঙ্গে দু’বছর আগে সোশাল মিডিয়ায় বাপির পরিচয় হয়। বাপি নিজেকে ডাক্তার বলে পরিচয় দেয়। পরে উভয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় একে অপরের পরিবারকে জানান। পাত্রপক্ষ পাত্রীর বাড়িতেও আসেন। কিন্তু পাত্রীপক্ষ একবারের জন্যও পাত্রের বাড়িতে যাননি। সরল বিশ্বাসে পাকা কথা হয়ে যায়। বুধবার বিয়ের দিন ধার্য করা হয়। এত বড় আয়োজনের খামতি না থাকলেও, বিশ্বাসের খামতি ছিলো সম্পূর্ণ পাত্রী পক্ষের তরফে।

Loading