সোমালিয়া ওয়েব নিউজ: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্য থেকে রাজ্যকে সম্পূর্ণ মুক্ত করার লক্ষ্যে নতুন উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া ও বিধাননগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বসানো হবে বিশেষ ধরনের ভেন্ডিং মেশিন। এই মেশিনের মাধ্যমে সাধারণ মানুষ মাত্র এক টাকার বিনিময়ে পরিবেশবান্ধব থলে সংগ্রহ করতে পারবেন।
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পরিবেশবান্ধব এই বিশেষ থলেগুলি তৈরি করা হচ্ছে ভুট্টাদানা থেকে। ফলে প্লাস্টিকের পরিবর্তে সহজে ব্যবহারযোগ্য বিকল্প হিসেবে এই থলে ব্যবহারের সুযোগ তৈরি হবে।
শুধু পরিবেশবান্ধব থলে নয়, প্লাস্টিক বোতল জমা দিয়েও কাপড়ের থলে পাওয়া যাবে এই ভেন্ডিং মেশিন থেকে। এর ফলে একদিকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের সুযোগ বাড়বে, অন্যদিকে সাধারণ মানুষও প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহিত হবেন।
সরকারের এই উদ্যোগ সফল হলে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য পুরসভা ও শহরাঞ্চলেও এই ধরনের ভেন্ডিং মেশিন চালু করার পরিকল্পনা রয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

![]()

More Stories
শিলিগুড়িতে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে প্রদর্শনীর উদ্বোধন অমিত শাহের
বন্যাকবলিত পূর্ব মেদিনীপুরে ভারত সেবাশ্রম সংঘের ত্রাণ ও সেবাকার্য
সরকারি হাসপাতালে চালু হচ্ছে আয়ুষ ওপিডি, নিয়োগ ৭১৪ জন