August 31, 2026

সাংবাদিকদের জন্য বড় ঘোষণা, ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘সাংবাদিক পেনশন যোজনা ২০২৬’ ও স্বাস্থ্যবীমার আওতা

সোমালিয়া ওয়েব নিউজ: সাংবাদিকদের সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য পরিষেবার আওতায় আনতে বড় উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। আগামী ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে রাজ্যে চালু হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন যোজনা ২০২৬’। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তিকরণ কর্মসূচিরও শুভসূচনা হবে।

রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ সূত্রে জানানো হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর নবান্ন সভাঘরে সকাল ১১টায় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দুই কর্মসূচির শুভসূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী

সাংবাদিকদের দীর্ঘদিনের সামাজিক ও আর্থিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই পেনশন প্রকল্প চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। কর্মজীবন শেষ হওয়ার পর সাংবাদিকদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাঁদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই স্বাস্থ্যবীমা যোজনায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের জন্য এই উদ্যোগ বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংবাদ সংগ্রহ ও পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ পেশার সঙ্গে যুক্ত সাংবাদিকদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা এবং চিকিৎসা পরিষেবার সুযোগ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই দুই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

১ সেপ্টেম্বরের অনুষ্ঠানে সাংবাদিক পেনশন যোজনা ২০২৬-এর বিভিন্ন দিক এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় সাংবাদিকদের অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে। ফলে রাজ্যের সাংবাদিক মহলে এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।

রাজ্য সরকারের এই উদ্যোগ সাংবাদিকদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে বলেই মনে করা হচ্ছে।

Loading