September 2, 2026

দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে কঠোর অবস্থানের আহ্বান মুখ্যমন্ত্রীর

সোমালিয়া ওয়েব নিউজঃ সরকারের সমালোচনা, দলের সমালোচনা কিংবা নিজের সমালোচনা সংবাদমাধ্যমের কাছ থেকে মাথা পেতে নেবেন, তবে দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবাদমাধ্যমকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে গতকাল সাংবাদিকদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং সম্প্রসারিত সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। মুখ্যমন্ত্রীর বক্তব্য, নিজের সমালোচনা, সরকারের সমালোচনা কিংবা দলের সমালোচনা তিনি গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু দেশপ্রেম এবং ধর্মীয় আস্থার প্রশ্নে সকলেরই কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। একইসঙ্গে সাংবাদিকদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান ভারতের আওতার বাইরে থাকা যোগ্য সাংবাদিকদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় আনা হচ্ছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক পেনশনের পরিমাণ ২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে। প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড না থাকা যোগ্য সংবাদকর্মীদেরও নির্দিষ্ট শর্তসাপেক্ষে এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষা ও অবসরকালীন আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সংবাদমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

Loading