October 7, 2026

ভুবনেশ্বরে ২৪তম জাতীয় মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ বোর্ডের বৈঠক, পারাদীপে শুরু SAREX-2026

সোমালিয়া ওয়েব নিউজঃ ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ডিরেক্টর জেনারেল তথা ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ বোর্ডের চেয়ারম্যান পরমেশ শিবমণি, AVSM, PTM, TM-এর সভাপতিত্বে আজ ভুবনেশ্বরে অনুষ্ঠিত হল ২৪তম জাতীয় মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ বা NMSAR বোর্ডের বৈঠক। ২০০২ সালে গঠিত এই শীর্ষস্থানীয় বোর্ড প্রায় ৪৬ লক্ষ বর্গকিলোমিটার বিস্তৃত ভারতীয় সার্চ অ্যান্ড রেসকিউ অঞ্চলের সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমের তদারকি করে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তিনটি মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার এবং ৩৬টি সাব-সেন্টারের মাধ্যমে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করে থাকে। বৈঠকে ভারতীয় নৌবাহিনী, বায়ুসেনা, ইসরো, INCOIS, DGMA, ভারতীয় আবহাওয়া দপ্তর, কাস্টমস, উপকূলীয় পুলিশ এবং বিভিন্ন রাজ্যের মৎস্য দপ্তর-সহ একাধিক সংস্থার উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর পারাদীপ উপকূলে জাতীয় স্তরের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ মহড়া SAREX-2026-এর সূচনা করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ। আগামীকাল এই মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় ৩০টি বন্ধু রাষ্ট্রের ৩২ জন প্রতিনিধি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন। ভারতের ‘সাগর’ বা Security and Growth for All in the Region এবং ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক সমন্বয়, আন্তঃসংস্থা সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর সামুদ্রিক উদ্ধার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Loading