২০২৫ সাল থেকেই প্রতিবছর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ, ফুটবলের দক্ষতা মেলে ধরতে ভাবনা ফিফার!

সোমালিয়া ওয়েব নিউজ : ফুটবলের উন্নতির স্বার্থে প্রতি বছর অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করতে চাইছে ফিফা। সংস্থার বিশেষজ্ঞেরা মনে করছেন, প্রতি বছর বিশ্বকাপ হলে কিশোর ফুটবলারেরা আরও বেশি করে তাদের দক্ষতা বিশ্বের সামনে মেলে ধরতে পারবে। কম বয়সে তারা বিশ্বের সেরা ক্লাবগুলির নজরে পড়লে সার্বিক উন্নতি হবে ফুটবলের। পাশাপাশি ফুটবল পরিকাঠামো উন্নয়নের জন্য ২০২৬ সাল পর্যন্ত ১৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা করেছে ফিফা। ফিফার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ১ বছর অন্তর আয়োজিত হয়। সেই চিরাচরিত প্রথায় পরিবর্তন আনতে চলেছে ফিফা। পাশাপাশি ২০২৬ ফিফা বিশ্বকাপের মতো যুব বিশ্বকাপেও ৪৮টি দেশ খেলানোর ভাবনা রয়েছে ফিফার। এই প্রসঙ্গে ফিফা জানিয়েছে “এটি টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলারদের দক্ষতা বাড়াতে এবং ঐতিহ্য বৃদ্ধি করতে প্রতি বছর বিশ্বকাপ করার কথা ভাবা হচ্ছে। ফুটবল পরিকাঠামো ব্যবহারের ওপর আরও যাতে জোর দেওয়া হয় বিশ্বব্যাপী সেই প্রচেষ্টা চালানো হচ্ছে।”ফুটবল বিশেষজ্ঞদের মতে, ভালো পদক্ষেপ করতে চলেছে ফিফা। এতে প্রতিবছর প্রতিযোগিতা মূলক ম্যাচ খেলতে হবে দলগুলিকে। ফলে সারা বছরই জোরকদমে অনুশীলন করতে হবে ফুটবলারদের। ভবিষ্যতে পেশাদারী ফুটবলে অনেক সাহায্য পাবে ফুটবলাররা। সব কিছু ঠিক থাকলে ২০২৫ সাল থেকেই প্রতিবছর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ।

Loading