সোমালিয়া ওয়েব নিউজ: নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে একটি প্রেস নোট প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ওই প্রেস নোটে কমিশনের সাংবিধানিক দায়িত্ব, অভ্যন্তরীণ আলোচনা এবং ভোটার তালিকা সংশোধন-সহ বিভিন্ন নির্বাচনী কাজের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
প্রেস নোটে কমিশন জানিয়েছে, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ, সংশ্লিষ্ট আইন এবং প্রতিষ্ঠিত প্রথা মেনেই নির্বাচন কমিশন কাজ করে। কমিশন একটি বহু-সদস্যের সাংবিধানিক সংস্থা এবং তার সমস্ত সরকারি নির্দেশ, সিদ্ধান্ত ও প্রশাসনিক পদক্ষেপ নির্ধারিত আইন ও প্রক্রিয়া মেনেই নেওয়া হয়।
কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে কমিশনের সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা, মতামত ও পরামর্শ দেওয়া স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেও উল্লেখ করা হয়েছে। কমিশনের কোনও সদস্যের মতামত বা পর্যবেক্ষণকে আলাদাভাবে দেখলে সম্পূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি স্পষ্ট হয় না বলে প্রেস নোটে জানানো হয়েছে।
গত এক বছরে ভোটার তালিকা সংশোধন বা SIR-সহ প্রায় ৪০টি নতুন উদ্যোগ ও নির্বাচনী সংস্কার গ্রহণ করা হয়েছে বলেও কমিশনের তরফে জানানো হয়েছে। প্রেস নোট অনুযায়ী, এই সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতেই নেওয়া হয়েছে।
এছাড়াও বিহার, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম ও পশ্চিমবঙ্গে বিভিন্ন নির্বাচন ও নির্বাচন-সংক্রান্ত কাজ সফলভাবে পরিচালনার কথা উল্লেখ করেছে কমিশন। ভোটার তালিকা সংক্রান্ত কাজের ক্ষেত্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-দের আইনসিদ্ধ ক্ষমতার কথাও তুলে ধরা হয়েছে।
কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ECINet-সহ বিভিন্ন ব্যবস্থায় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি ব্যবস্থা, আইটি পরীক্ষা ও অডিট চালু রয়েছে বলেও জানানো হয়েছে।
প্রেস নোটের শেষে নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে আইন, সাংবিধানিক দায়িত্ব, স্বচ্ছতা ও নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা বজায় রেখে কাজ করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

![]()

More Stories
বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস আজ
নামামি ভারতম’-এ এক সুরে ‘বন্দে মাতরম’, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে গণসংগীত
ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়াল ফিচ, ৬.৯ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা