November 9, 2026

লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো

সোমালিয়া ওয়েব নিউজ: হেমন্তের হিমেল সন্ধ্যা। চারদিকে ধীরে ধীরে নেমে আসছে অন্ধকার। মাঠের ধানখেতের ওপর জমছে শিশির আর কুয়াশার আস্তরণ। এমন এক সময়ে গ্রামবাংলার আকাশে একসময় দেখা যেত অপূর্ব এক দৃশ্য। বাড়ির উঠোনে কিংবা তুলসীতলার পাশে পোঁতা লম্বা বাঁশের মাথায় টিমটিম করে জ্বলত ছোট্ট একটি প্রদীপ। মাটির পৃথিবী থেকে আকাশের দিকে তুলে দেওয়া সেই আলোই পরিচিত ছিল আকাশপ্রদীপ বা স্বর্গবাতি নামে। কিন্তু আধুনিকতার দাপটে বাংলার এই প্রাচীন লোকাচার আজ ক্রমশ হারিয়ে যেতে বসেছে। কোজাগরী লক্ষ্মীপুজোর পর থেকে কার্তিক মাসজুড়ে প্রতিদিন সন্ধ্যায় আকাশপ্রদীপ জ্বালানোর রীতি আছে বাংলার বহু গ্রামে। উঠোনের এক কোণে কিংবা তুলসীতলার পাশে পুঁতে দেওয়া হতো একটি লম্বা বাঁশ। বাঁশের মাথায় কপিকল বা দড়ির সাহায্যে তুলে দেওয়া হতো মাটির সরা, লন্ঠন, ছিদ্রযুক্ত মাটির হাঁড়ি কিংবা বাঁশের তৈরি বিশেষ খাঁচা। তার ভিতরে সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালানো হতো প্রদীপ। বাতাসে যাতে আগুন নিভে না যায়, সেই ব্যবস্থাও থাকত। সন্ধ্যা নামলেই অন্ধকার আকাশের বুকে দূর থেকে দেখা যেত সেই ছোট্ট আলোর শিখা।

আকাশপ্রদীপ জ্বালানোর পিছনে রয়েছে গভীর ধর্মীয় বিশ্বাস। সনাতন ধর্মের লোকাচার অনুযায়ী, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আত্মা মর্ত্যে আসেন এবং কার্তিক মাসে তাঁদের পিতৃলোকে ফিরে যাওয়ার সময় তাঁদের পথ আলোকিত করতেই এই প্রদীপ জ্বালানো হয়। একইসঙ্গে কার্তিক মাসে ভগবান বিষ্ণুর দামোদর রূপের আরাধনা এবং পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবেও এই প্রথা প্রচলিত।

আজও ঐতিহ্য ধরে রেখেছে নবাসনের একটি পরিবার। গোঘাটের নবাসন গ্রামের নবকুমার সাঁতরার বাড়িতে গিয়ে দেখা মিলল সেই হারিয়ে যেতে বসা ঐতিহ্যের। পরিবারের গৃহবধূ পদ্মা সাঁতরা আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন আকাশপ্রদীপ জ্বালানোর রীতি। তিনি জানান, তাঁর বাবা সাত মাস আগে মারা গিয়েছেন। ছোটবেলা থেকেই বাড়িতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে আকাশপ্রদীপ জ্বালাতে দেখে এসেছেন। সেই পারিবারিক পরম্পরাই আজও তিনি বজায় রেখেছেন। বাবার কাছ থেকেই এই ঐতিহ্য পেয়েছেন। তাঁর আশা, আগামী দিনে তাঁর নাতি-নাতনিরাও এই রীতি পালন করবে এবং বংশপরম্পরায় বেঁচে থাকবে বাংলার এই প্রাচীন সংস্কৃতি।

আকাশপ্রদীপের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামবাংলার জীবনযাত্রার নানা স্মৃতি। যে সময়ে গ্রামে বিদ্যুতের আলো পৌঁছয়নি, তখন অন্ধকার রাতে দূরের মাঠ থেকে বাড়ি ফেরা কৃষক কিংবা নদী-বিল থেকে ফিরে আসা মাঝিদের কাছে উঁচুতে জ্বলতে থাকা এই আলো অনেক সময় বাড়ি চেনার নিশানা হয়ে উঠত। পাশাপাশি কার্তিক মাসে আমন ধানের শীষ বেরোনোর সময় ক্ষতিকর পতঙ্গের উপদ্রবও বাড়ত। প্রচলিত ধারণা অনুযায়ী, প্রদীপের আলোয় আকৃষ্ট হয়ে অনেক পোকামাকড় আগুনের কাছে আসত। ফলে কৃষিকাজের সঙ্গেও এই প্রথার একটি ব্যবহারিক যোগ ছিল বলে মনে করা হয়।

এই লোকাচার শুধু ধর্মীয় আচার বা গ্রামীণ সংস্কৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, জায়গা করে নিয়েছে বাংলা গানের জগতেও। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে এবং পবিত্র মিত্রের কথায় লতা মঙ্গেশকরের কণ্ঠে ‘আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে’ গানটি আজও মানুষের মনে নস্টালজিয়া জাগায়। দূরের কারও অপেক্ষায় প্রদীপ জ্বালিয়ে রাখার যে আবেগ, এই গানের মধ্য দিয়ে তা যেন আরও গভীর হয়ে উঠেছে।

বর্তমানে গ্রামবাংলার বহু বাড়িতে আকাশপ্রদীপ জ্বালানোর রীতি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। কোথাও বাঁশের পরিবর্তে এসেছে ইলেকট্রিক ল্যাম্প, কোথাও আবার হারিয়ে গিয়েছে সেই পুরোনো পারিবারিক পরম্পরা। শহরের বহুতল কিংবা আধুনিক বাড়ির ব্যস্ত জীবনে এই লোকাচারের চর্চা আরও কমেছে।

তবে নবাসনের পদ্মা সাঁতরার মতো কিছু মানুষের আন্তরিকতায় আজও বেঁচে রয়েছে বাংলার এই প্রাচীন সংস্কৃতি। আকাশপ্রদীপ হয়তো কেবল একটি প্রদীপ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক বিশ্বাস, কৃষিজীবী বাংলার জীবনযাত্রা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান এক ঐতিহ্য। তাই আধুনিকতার আলোয় এই প্রাচীন আলোর শিখা যেন সম্পূর্ণ নিভে না যায়, সেই দায়িত্ব আগামী প্রজন্মেরও।

Loading