সোমালিয়া ওয়েব নিউজ: একটি ছোট্ট ছেলের মনে হঠাৎ জেগেছিল মা কালীর পুজো করার ইচ্ছা। তখন সে পড়ে পঞ্চম শ্রেণিতে। পুজো করার প্রবল ইচ্ছা থেকে বাড়ি থেকে মাত্র ৬ টাকা চুরি করে সে হাজির হয় এক মৃৎশিল্পীর কাছে। সেই টাকা দিয়েই তৈরি করায় মা কালীর মূর্তি। তারপর সেই প্রতিমা বাড়িতে নিয়ে এসে শুরু করে পুজো। আর সেই ছোট্ট ছেলের হাত ধরেই সূচনা হয় এক পারিবারিক কালীপুজোর। দেখতে দেখতে যা আজ প্রায় ৫৫ থেকে ৫৮ বছরের ঐতিহ্য।হুগলি জেলার গোঘাটের বিজলকোনায় সুমেরু ঘোষের বড় ছেলে জয়দেব ঘোষের হাত ধরে শুরু হয় এই পুজো। স্থানীয় মানুষের কাছে এই দেবী পরিচিত ‘মেয়ে কালী’ নামে।পুজোর শুরুর দিনেও জড়িয়ে রয়েছে এক আশ্চর্য ঘটনা। পাশেই থাকতেন খনা ঠাকুর নামে এক তান্ত্রিক। ছোট্ট জয়দেব তাঁকে পুজোর কথা জানালে তিনি মাত্র একটি বেলপাতা দিয়েই প্রথমবার দেবীর আরাধনা করেন। কিন্তু ছেলেমানুষ জয়দেবের সেই পুজো মনঃপূত হয়নি। তার মনে হয়েছিল, মায়ের পুজো আরও জাঁকজমক করে হওয়া উচিত। তাই তিনি অন্য পুরোহিত ডেকে আবার পুজো করার উদ্যোগ নেন। কিন্তু তান্ত্রিক তাঁকে সতর্ক করে জানান, পুনরায় পুজো করলে যিনি পুজো করবেন, তাঁর মুখ দিয়ে রক্ত উঠবে। এরপর অবশ্য পরের বছর থেকে সেনাই গ্রামের বংশী ভট্টাচার্য নামে এক পুরোহিতকে দিয়ে পুজো শুরু হয়। পরবর্তীতে খাটুল গ্রামের চৌধুরী পরিবারের পুরোহিত নিমাই চৌধুরী এই পুজোর দায়িত্ব সামলান।সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো ঘিরে জড়িয়ে পড়েছে একাধিক পারিবারিক স্মৃতি, বিশ্বাস এবং অলৌকিক অভিজ্ঞতার কাহিনি। জয়দেব ঘোষের বিয়ের কলরাত্রির দিন তাঁর স্ত্রী কৃষ্ণা দেবী স্বপ্নে দেখেছিলেন, বাড়িতে মা কালীর পুজো হচ্ছে। আবার একবার হাওড়া থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যাবেলায় সুমেরু ঘোষ নিজের বড় ছেলের স্ত্রীকে মা কালীর রূপে দেখেছিলেন বলেও পরিবারের দাবি।শুধু তাই নয়, প্রতিবছর পুজোর সময় দেবীর গয়না কিংবা পুজোর নানা উপকরণ হঠাৎ হারিয়ে যাওয়া এবং পরবর্তীতে সেগুলি আবার খুঁজে পাওয়ার ঘটনাও এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে। পরিবারের কাছে যা আজও এক রহস্যময় অভিজ্ঞতা।বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে জয়দেব ঘোষের পক্ষে সমস্ত কথা বলা সম্ভব নয়। তাই তাঁর অনুরোধেই আমরা কথা বলেছি তাঁর স্ত্রী কৃষ্ণা ঘোষের সঙ্গে। কীভাবে শুরু হয়েছিল এই পুজো? কী কী অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী থেকেছে ঘোষ পরিবার? এত বছর ধরে কীভাবেই বা বয়ে চলেছে এই পারিবারিক ঐতিহ্য?এবার সরাসরি কৃষ্ণা ঘোষের মুখ থেকেই ‘মেয়ে কালী’ পুজোর সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত জড়িয়ে থাকা নানা অজানা কাহিনি শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল দেখুন।
![]()

More Stories
হাজার বছরের ইতিহাস, ডাকাতদের পুজো থেকে আজও বহমান রহস্যময় প্রথা! গোঘাটের আগাই গ্রামের কালীপুজো ঘিরে নানা অলৌকিক কাহিনি!
বন্দুকের মুখে তোলাবাজির ছক বানচাল, মগরা পুলিশের জালে চার
বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৩২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান