November 5, 2026

রাজ্যে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি কোর্স চালুর ভাবনা, আধুনিকীকরণ করা হবে রূপকলা কেন্দ্রের

সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যে চলচ্চিত্র শিক্ষার প্রসারে বড় উদ্যোগের ভাবনা রাজ্য সরকারের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। আজ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী রাজ্য সরকারের অধীনস্থ চলচ্চিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান রূপকলা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানের অধিকর্তা, অন্যান্য আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রূপকলা কেন্দ্রকে আরও উন্নত ও আধুনিক করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আগামী দিনে উচ্চশিক্ষা দপ্তরের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি কোর্স চালুর বিষয়েও চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের চলচ্চিত্রপ্রেমী ও আগ্রহী পড়ুয়াদের কাছে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হবে।

Loading