সোমালিয়া ওয়েব নিউজঃ কালীপুজোর পরেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে প্রায় ৭ হাজার ২০০ জনকে নিয়োগ করা হবে। এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে বিধাননগরের মৃত্তিকাভবনে গ্রামীণ উন্নয়নের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রী জানান, যাঁরা এখনও সরকারি আবাসন প্রকল্পে বাড়ি পাননি, আগামী দু’বছরের মধ্যে তাঁদের বাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, পূর্বতন সরকারের আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তাঁর দাবি, এর ফলে রাজ্যের প্রায় ৮০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। অন্যদিকে, ভি ভি রাম জি প্রকল্পের অগ্রগতি নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে আয়োজিত পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে বর্তমানে প্রতিদিন প্রায় ২২ লক্ষ মানুষ এই প্রকল্পে কাজ করছেন এবং দৈনিক ৭ লক্ষ ৯ হাজার কর্মদিবস তৈরি হচ্ছে। প্রকল্পের কাজ শুরুর প্রথম পর্যায়ে কেন্দ্রীয় সরকার ১২০০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান তিনি। আগামী দিনে গ্রামীণ এলাকার পরিকাঠামো উন্নয়নে ভি ভি রাম জি প্রকল্পকে নোডাল প্রকল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, এম জি এন আর ই জি এ প্রকল্পের গ্রাম রোজগার সহায়কদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার। সরকারের দাবি, এই পদক্ষেপগুলির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে আরও গতি আনা সম্ভব হবে।

![]()

More Stories
পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ, প্রত্যেক বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান অধ্যক্ষের
৪২তম রাজ্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু ডিসেম্বরে, জেলা পর্যায়ের সূচি ঘোষণা
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, স্মরণে ভারতসেবায় উৎসর্গীকৃত এক মহীয়সী নারী