সোমালিয়া ওয়েব নিউজঃ পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরের পড়ুয়াদের খেলাধুলার প্রতিভা বিকাশ এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত হতে চলেছে ৪২তম রাজ্য বার্ষিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬। এই প্রতিযোগিতায় রাজ্যের অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে। এরপর ২০ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজ্য পর্যায়ের প্রতিযোগিতা। রাজ্য পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন হবে ২১ ডিসেম্বর। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বালক ও বালিকাদের জন্য জন্মতারিখের ভিত্তিতে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রতিযোগী নিজের নির্দিষ্ট বিভাগে মেডলি রিলে বাদে সর্বাধিক দুটি ইভেন্টে অংশ নিতে পারবে। প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টগুলির মধ্যে রয়েছে ৭৫ মিটার, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, দীর্ঘলম্ফ, উচ্চলম্ফ, শাটল রেস, ফুটবল ছোড়া, যোগব্যায়াম এবং জিমন্যাস্টিকস। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত প্রতিযোগীদের নাম, যোগ্যতার শংসাপত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত নিয়ম মেনে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে পাঠাতে হবে। প্রতিযোগীদের জন্মতারিখ ও অন্যান্য যোগ্যতার তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস ও যোগব্যায়ামের জন্য পৃথকভাবে বিজয়ী জেলা দল ঘোষণা করা হবে। বিভিন্ন ইভেন্টে সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে সর্বোচ্চ স্থানাধিকারী জেলাকে দেওয়া হবে চ্যাম্পিয়নশিপ শিল্ড। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী, প্রতিযোগিতার প্রতিটি স্তরে সমস্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, পড়ুয়াদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলাই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।

![]()

More Stories
পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ, প্রত্যেক বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান অধ্যক্ষের
আজ ভগিনী নিবেদিতার জন্মদিন, স্মরণে ভারতসেবায় উৎসর্গীকৃত এক মহীয়সী নারী
ছাত্র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত SRFTI, নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে পুলিশ ডাকল কর্তৃপক্ষ