November 2, 2026

পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ, প্রত্যেক বিধায়ককে মাসে ১০০টি করে গাছ লাগানোর আহ্বান অধ্যক্ষের

সোমালিয়া ওয়েব নিউজঃ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের প্রসারে গণ-অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। পরিবেশ রক্ষার উদ্যোগকে আরও ব্যাপক করতে রাজ্যের প্রত্যেক বিধায়ককে প্রতি মাসে অন্তত ১০০টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। অধ্যক্ষের হিসাব অনুযায়ী, রাজ্যের সমস্ত বিধায়ক এই উদ্যোগে সামিল হলে আগামী পাঁচ বছরে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ গাছ লাগানো সম্ভব হবে। তবে শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ হবে না, নতুন লাগানো চারাগুলির যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের মাধ্যমে লাগানো গাছগুলির তিন বছর পর্যন্ত পরিচর্যার দায়িত্ব নেওয়ার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনীয় চারা ওই প্রকল্পের পাশাপাশি রাজ্যের বন দপ্তরের মাধ্যমেও সরবরাহ করা হবে। পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন এবং ক্রমশ কমতে থাকা সবুজায়নের উদ্বেগের মধ্যে বিধায়কদের সামনে রেখে এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Loading