সোমালিয়া ওয়েব নিউজ: একদিকে পিচঢালা রাস্তা, অন্যদিকে যাত্রীদের জন্য তৈরি বাস প্রতীক্ষালয়। গ্রামের শেষ প্রান্তে রয়েছে নির্দিষ্ট বাসস্ট্যান্ডও। কিন্তু আশ্চর্যের বিষয়, এত পরিকাঠামো থাকা সত্ত্বেও সেখানে বাসের দেখা মেলা ভার। একসময় যে বাসস্ট্যান্ড ছিল এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা, আজ সেখানে কার্যত সুনসান নীরবতা। এমনই ছবি দেখা যাচ্ছে আরামবাগ-তিরোল রুটে।আরামবাগ শহর থেকে তিরোলের দূরত্ব প্রায় আট কিলোমিটার। স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণায় উঠে এসেছে, ১৯৬৭ সালে প্রফুল্লচন্দ্র সেন মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রথম বাস পরিষেবা শুরু হয় তিরোলে। তারপর দীর্ঘদিন ধরে এই রুটে বাস ছিল সাধারণ মানুষের প্রধান যাতায়াতের মাধ্যম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবিটা বদলে গিয়েছে। বর্তমানে বাস পরিষেবা এতটাই কমে গিয়েছে যে, নিত্যযাত্রীদের কাছে বাস যেন অতীতের স্মৃতি।স্থানীয় বাসিন্দা প্রশান্ত কুমার চক্রবর্তী আক্ষেপের সুরে জানান, বাসস্ট্যান্ডটি বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে। এলাকার মানুষের বক্তব্য, করোনা মহামারির সময় থেকে ধীরে ধীরে বাস চলাচল কমতে শুরু করে। তবে কেন এই পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে রয়েছে নানা মত।স্থানীয়দের একাংশের অভিযোগ, টোটোর বাড়বাড়ন্তের কারণে বাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আবার অনেকের মতে, বাসের অনিয়মিত পরিষেবাও যাত্রী কমার অন্যতম কারণ। আগে যেখানে প্রায় ৩০ মিনিট অন্তর বাস পাওয়া যেত, সেখানে এক ঘণ্টা অন্তর বাস চলাচল করায় যাত্রীরা বিকল্প পরিবহনের উপর নির্ভর করতে শুরু করেন।স্থানীয় স্কুল শিক্ষক নবকুমার চক্রবর্তী জানান, বর্তমানে বুলচন্দ্রপুর-আরামবাগ রুটে মাত্র দুটি বাস চলাচল করে। সেগুলিও সারাদিনে দু-তিনটি ট্রিপ দেয়। ফলে সন্ধ্যার পর আরামবাগ থেকে তিরোলে বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।তিরোলের শেষ প্রান্তে থাকা বাসস্ট্যান্ডের পাশেই রয়েছে চায়ের দোকান। ৩৬-৩৭ বছর ধরে সেখানে চা বিক্রি করছেন মুরলীধর মণ্ডল। তাঁর স্মৃতিতে এখনও উজ্জ্বল বাস চলাচলের সেই পুরনো দিনগুলি। তিনি জানান, একসময় এই রুটে দিনে প্রায় ৫৬-৫৭টি বাসের ট্রিপ হতো। বাসকে কেন্দ্র করে জমজমাট থাকত বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা। তাঁরও দাবি, টোটোর দাপটেই বাস পরিষেবা কার্যত বন্ধের মুখে। তবে তিনি মনে করেন, এই সমস্যা সমাধানে উদ্যোগী মানুষের অভাবও রয়েছে। বাসের অভাবে এখন টোটোই এলাকার মানুষের প্রধান ভরসা। কিন্তু সেই পরিষেবা নিয়েও সন্তুষ্ট নন অনেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক টোটোর বৈধ কাগজপত্র নেই। ঝড়-বৃষ্টি, শীত কিংবা গ্রীষ্মের প্রচণ্ড গরমে টোটোয় যাতায়াত যথেষ্ট কষ্টকর। এলাকার বাসিন্দা সমীর চক্রবর্তী জানান, গ্রামের মানুষ থেকে শুরু করে প্রশাসনের সকলেই সমস্যার কথা জানেন। কিন্তু কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। বিশেষ করে গরিব মানুষ কিংবা অসুস্থ রোগীকে আরামবাগে নিয়ে যেতে হলে অনেক টাকা খরচ করতে হয়। নিয়মিত বাস চললে অল্প খরচে অনেকটাই স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা সম্ভব হতো।অন্যদিকে, টোটোচালক ইসরাইলের বক্তব্য, এই রুটে বাসের অনিয়মিত পরিষেবার কারণেই টোটোর সংখ্যা বেড়েছে। তাঁর দাবি, আরামবাগ-তিরোল রাস্তায় বর্তমানে আনুমানিক আড়াইশোটি টোটো চলাচল করে। তিরোল গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, পঞ্চায়েত এবং স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন বহু ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষকে নানা প্রয়োজনে আরামবাগে আসতে হয়। কিন্তু পর্যাপ্ত বাস না থাকায় তাঁদের দুর্ভোগ বাড়ছে। বাসে ছাত্রছাত্রীদের জন্য ভাড়ায় ছাড় বা কনসেশনের সুবিধা থাকলেও টোটোতে সেই সুযোগ নেই। বর্তমানে তিরোল থেকে আরামবাগ পর্যন্ত টোটো ভাড়া ২০ টাকা। ফলে প্রতিদিন যাতায়াতকারী ছাত্রছাত্রী ও সাধারণ পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ পড়ছে। এ বিষয়ে আরামবাগ বাস সংগঠনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য টোটোর দৌরাত্ম্যকেই বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করেছেন। তবে তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রশাসন ও পরিবহন দপ্তরের সঙ্গে আলোচনা করে বিশেষ উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।একসময়ের ব্যস্ত বাসস্ট্যান্ড আজ কেন জনশূন্য? বাস মালিকদের লোকসান, টোটোর দাপট, নাকি অনিয়মিত পরিষেবা—কোনটি এই সংকটের মূল কারণ, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এই বিতর্কের মাঝে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।তিরোলবাসীর দাবি, বাস বনাম টোটোর লড়াই নয়, তাঁরা চান দু’ধরনের পরিবহনের মধ্যে সুষ্ঠু সমন্বয়। পাশাপাশি নির্দিষ্ট সময়সূচি মেনে পর্যাপ্ত বাস চালানোর ব্যবস্থা করা হোক। কারণ, গ্রামের মানুষের কাছে বাস পরিষেবা কোনও বিলাসিতা নয়, শিক্ষা, চিকিৎসা ও জীবিকার প্রয়োজনে এটি অত্যন্ত জরুরি।

![]()

More Stories
লুপ্তপ্রায় বাংলার আকাশপ্রদীপ বা স্বর্গবাতি! পূর্বপুরুষের স্মৃতিতে আজও বাঁশের ডগায় জ্বলে ঐতিহ্যের আলো
কুলো বাজিয়ে অলক্ষ্মী বিদায়, গোবরের অলক্ষী নিয়ে বাঁশবাগানে বিসর্জন! দীপাবলির রাতে গ্রামবাংলার এক প্রাচীন লোকাচারে মিশে রয়েছে কত অজানা বিশ্বাস
মাত্র ৬ টাকা চুরি করে শুরু হয়েছিল মা কালীর পুজো! ৫৫-৫৮ বছরের পুরনো বিজলকোনার ঘোষ পরিবারের ‘মেয়ে কালী’কে ঘিরে আজও রয়েছে নানা অলৌকিক কাহিনি!