সোমালিয়া ওয়েব নিউজঃ দেশরক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও অতুলনীয় বীরত্বের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক অনন্য উদ্যোগ নিল উত্তর–পূর্ব সীমান্ত রেল। ৭/১১ গোর্খা রাইফেলসের ক্যাপ্টেন সুনীল কুমার চৌধারী—সেনা পদক ও কীর্তি চক্র (মরণোত্তর) বিজয়ীর স্মরণে শিলিগুড়ির ডিজেল লোকোমোটিভ শেডে WDP4B লোকোমোটিভ নম্বর ৪০০২৪ তাঁর নামে নামকরণ করা হয়েছে।
ক্যাপ্টেন সুনীল কুমার চৌধারী গোর্খা রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ঐতিহ্য—অদম্য সাহস, কঠোর শৃঙ্খলা এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার এক উজ্জ্বল প্রতীক ছিলেন। আসামে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তিনি যে অসাধারণ সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দেন, তার স্বীকৃতিস্বরূপ তাঁকে সেনা পদক প্রদান করা হয়। পরবর্তীতে কর্তব্যের ঊর্ধ্বে উঠে সর্বোচ্চ আত্মত্যাগ ও অনন্য বীরত্ব প্রদর্শনের জন্য তাঁকে মরণোত্তরভাবে দেশের অন্যতম সর্বোচ্চ বীরত্ব সম্মান কীর্তি চক্রে ভূষিত করা হয়।
ক্যাপ্টেন চৌধারীর নামে উৎসর্গীকৃত এই হাই-স্পিড ৪৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন WDP4B টুইন-স্ট্রোক ডিজেল লোকোমোটিভটি প্রতিকূল পরিস্থিতিতেও ধারাবাহিক ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের জন্য সুপরিচিত। দৃঢ়তা, সহনশীলতা এবং নিরবচ্ছিন্ন সেবার যে মূল্যবোধ এই লোকোমোটিভের সঙ্গে যুক্ত, তা ভারতীয় রেল এবং ভারতীয় সশস্ত্র বাহিনী—উভয়ের সঙ্গেই গভীরভাবে সম্পৃক্ত।
উত্তর–পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, এই লোকোমোটিভের নামকরণের মাধ্যমে শুধু ক্যাপ্টেন সুনীল কুমার চৌধারীর বীরত্বকেই স্মরণ করা নয়, বরং দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে জাতিকে রক্ষা করতে আত্মনিয়োগ করা সমস্ত সশস্ত্র ও আধা সামরিক বাহিনীর সদস্যদের সাহস, ত্যাগ ও নিষ্ঠাকেও সম্মান জানানো হচ্ছে।
এই উদ্যোগ একদিকে যেমন জাতির বীর সন্তানকে চিরস্মরণীয় করে রাখল, তেমনই ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশসেবার আদর্শ ও আত্মত্যাগের প্রেরণাও বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


![]()

More Stories
রবি শস্য চাষে রেকর্ড বৃদ্ধি: ৬৭৬ লক্ষ হেক্টর ছাড়াল আবাদ, গমে ৩৩৫ লক্ষ হেক্টর
বৈষ্ণোদেবী দর্শনে এসে আটকে পড়া যাত্রীদের জন্য কাটরা–শ্রীনগর রুটে বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক
লোকসভায় বিশৃঙ্খলা: বাজেট অধিবেশনের বাকি সময়ের জন্য আট বিরোধী সাংসদ সাসপেন্ড