সোমালিয়া ওয়েব নিউজঃ কয়লা পাচার সংক্রান্ত মামলায় তদন্ত আরও জোরদার করতে আজ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে প্রবर्तन নির্দেশালয় (ED)। রাজ্যের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে কয়লা পাচারের আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সেপকো টাউনশিপে এক কয়লা ব্যবসায়ী প্রবীর দত্ত-র বাড়িতে পৌঁছেছে ইডির একটি দল। জানা গিয়েছে, প্রবীর দত্তের কয়লার পাশাপাশি বালির ব্যবসাও রয়েছে। তদন্তকারীরা তাঁর ব্যবসায়িক লেনদেন, আর্থিক নথি এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাই করছে বলে খবর।
অন্যদিকে, একই মামলার সূত্র ধরে ইডির অপর একটি দল গেছে পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মন্ডল-এর বাড়িতে। উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি বুদবুদ থানার দায়িত্ব গ্রহণ করেন। তবে কয়লা পাচারের অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালে তাঁকে বারাবনী থানার ওসির পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল বলে জানা যায়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছিল।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, কয়লা পাচার সংক্রান্ত এই মামলায় মূলত অর্থের উৎস, লেনদেনের পথ, বিভিন্ন ব্যক্তি ও সংস্থার যোগসূত্র এবং পাচারের মাধ্যমে অর্জিত সম্পত্তির হদিস পেতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় নথিপত্র, ডিজিটাল তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলে খবর।
এই তল্লাশি অভিযানের পর রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কয়লা পাচার কাণ্ডে এর আগেও একাধিকবার রাজ্যের বিভিন্ন এলাকায় ইডি অভিযান চালিয়েছে। আজকের অভিযানে আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল ও তদন্ত সংশ্লিষ্টরা।

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ