পুকুরের জলে হারিয়ে যাচ্ছে শৈশব: গ্রীষ্মের সাঁতারে ফিকে হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য

সোমালিয়া ওয়েব নিউজ: গ্রীষ্মের প্রখর রোদে গ্রাম বাংলার পুকুর মানেই ছিল এক অন্যরকম আনন্দের ঠিকানা। দুপুরের তাপকে উপেক্ষা করে কচিকাঁচাদের হাসি, জলের ছলাৎছল শব্দ আর গাছের ডাল থেকে ঝাঁপ দেওয়ার সাহসী দৃশ্য—সব মিলিয়ে এক প্রাণবন্ত ছবি। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র আজ অনেকটাই ফিকে। আধুনিকতার ছোঁয়ায় নতুন প্রজন্ম এখন পুকুর ছেড়ে ঘরের বাথরুমেই সীমাবদ্ধ। তারা এখন বাথরুম সিঙ্গার হতে ব্যস্ত। স্নান এখন আর আনন্দ নয়, বরং এক রুটিন কাজ। ফলে পুকুরে সাঁতার কাটার সেই স্বতঃস্ফূর্ত আনন্দ, শেখার আগ্রহ এবং শৈশবের উচ্ছ্বাস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এক সময় সকাল হলেই গ্রামের পুকুর পাড়ে ভিড় জমাত ছোটরা। কেউ গাছের ডাল থেকে জলে ঝাঁপ দিত, কেউ আবার পুকুরের ঘাট থেকে লাফিয়ে পড়ত। সাঁতার শেখার জন্য ব্যবহার করা হতো কলাগাছের কান্ড, কিংবা হাওয়া ভর্তি গাড়ির টিউব—যা ছিল সহজলভ্য এবং নিরাপদ উপায়। আজ সেই দৃশ্য প্রায় বিলুপ্ত। বর্তমানে অনেক শিশু-কিশোর সাঁতার জানে না, যা একদিকে যেমন ঐতিহ্যের ক্ষয়, অন্যদিকে নিরাপত্তার দিক থেকেও উদ্বেগজনক। সাঁতার শুধু বিনোদন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ জীবনদক্ষতা। জলাশয়ে দুর্ঘটনা এড়াতে সাঁতার জানা অত্যন্ত জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সাঁতার শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, পেশী মজবুত করে, হৃদযন্ত্র সুস্থ রাখে এবং মানসিক চাপ কমায়। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুকুরে স্নান এড়িয়ে চলা উচিত—এ বিষয়েও সচেতন থাকা প্রয়োজন। গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া পুকুর সংস্কৃতি শুধু স্মৃতির পাতায় সীমাবদ্ধ না রেখে, নতুন প্রজন্মকে আবারও সাঁতারের গুরুত্ব ও আনন্দের সঙ্গে পরিচিত করানো জরুরি। কারণ, পুকুরের জলে শুধু শরীর নয়—মিশে থাকে শৈশব, স্বাধীনতা আর জীবনের সহজ আনন্দের স্পর্শ।

Loading