স্পঞ্জ আয়রন-সহ চার শিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, উপকৃত হবেন প্রায় দেড় লক্ষ শ্রমিক

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। এই চারটি শিল্পে শ্রমিকদের মাসিক মজুরি গড়ে প্রায় ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্যের প্রায় দেড় লক্ষ শ্রমিক সরাসরি উপকৃত হবেন।

বুধবার কলকাতার নিউ সেক্রেটারিয়েটে পশ্চিমবঙ্গের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল শিল্পের জন্য নতুন মজুরি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমসচিব রচনা ভগত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার কিংশুক সিনহা, শ্রম দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, ইপিএফ (EPF), ইএসআই (ESI), ফ্যাক্টরি ও দূষণ নিয়ন্ত্রণ দপ্তরের প্রতিনিধিরা এবং শিল্প মালিকপক্ষ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

নতুন এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল, প্রথমবারের মতো এতে ইপিএফ, ইএসআই, গ্র্যাচুইটি, ফ্যাক্টরি আইন মেনে চলা এবং পরিবেশ দূষণ সংক্রান্ত বিধি প্রতিপালনকে বাধ্যতামূলক শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলির সমন্বয়ে এই বিধানগুলি কার্যকর করা হবে।

এছাড়াও চুক্তিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে রাজ্যে কোড অন ওয়েজেস (Code on Wages)-এর আওতায় ফ্লোর ওয়েজ কার্যকর হলে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি পুনর্বিবেচনার ব্যবস্থাও করা হবে।

শ্রম দপ্তরের মতে, এই নতুন মজুরি চুক্তির ফলে শুধু শ্রমিকদের আয়ই বাড়বে না, পাশাপাশি তাঁদের সামাজিক সুরক্ষা, শ্রম অধিকার এবং কর্মপরিবেশও আরও শক্তিশালী হবে। শিল্প ও শ্রমিক—উভয় পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রেখে রাজ্যের শিল্পোন্নয়নে এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Loading