August 12, 2026

প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘সেবা কেন্দ্র’, বিধায়কদের মাসে ৩০ হাজার টাকা সহায়তা

সোমালিয়া ওয়েব নিউজ: স্থানীয় এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ আরও বাড়াতে রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ‘সেবা কেন্দ্র’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই কেন্দ্রগুলি পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিধায়কদের আর্থিক সহায়তা দেওয়া হবে বলে বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, চলতি মাস থেকেই প্রতিটি বিধানসভা কেন্দ্রের সেবা কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট বিধায়ককে প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই খাতে প্রতিটি বিধায়ককে মাসে ৩০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

সেবা কেন্দ্রগুলিকে মূলত বিধানসভা এলাকার সাধারণ মানুষের সঙ্গে বিধায়কদের সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এলাকার মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ এবং প্রয়োজনীয় পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে এই কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যাবে বলে জানা গিয়েছে।

এছাড়াও সেবা কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচির জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ধুতি ও পাঞ্জাবি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের মাধ্যমে বিধায়কদের জনসংযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগের পরিধি বাড়বে বলে মনে করা হচ্ছে।

অর্থ দপ্তরের এই আর্থিক সহায়তা চলতি মাস থেকেই কার্যকর হওয়ার কথা। প্রতিটি বিধানসভা কেন্দ্রে সেবা কেন্দ্র চালুর মাধ্যমে স্থানীয় স্তরে জনপরিষেবা ও জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ আরও সহজ করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।

Loading