August 12, 2026

আবাস প্লাসের সমীক্ষা শেষের মুখে, যোগ্যদের দ্রুত তথ্য জানানোর আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

সোমালিয়া ওয়েব নিউজ: আবাস প্লাসের সম্ভাব্য যোগ্য উপভোক্তাদের উদ্দেশে জরুরি আবেদন জানালেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, গত প্রায় আড়াই মাস ধরে রাজ্যের গ্রাম-গঞ্জে আবাস প্লাসের সম্ভাব্য উপভোক্তাদের নিয়ে সমীক্ষার কাজ চলছে। এখনও কোনও পরিবারের বাড়িতে সমীক্ষা না হয়ে থাকলে আর দেরি না করে প্রশাসনের নজরে বিষয়টি আনার আবেদন জানিয়েছেন তিনি। মন্ত্রীর বার্তা অনুযায়ী, আগামী ১৫ আগস্টই সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা। তাই এখনও যেসব সম্ভাব্য উপভোক্তার বাড়িতে সমীক্ষা হয়নি, তাঁদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজেদের নাম, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং মোবাইল নম্বর dilipghosh64@gmail.com এই ই-মেল ঠিকানায় পাঠানোর আবেদন করা হয়েছে। নিজের স্মার্টফোন না থাকলেও পরিবারের সদস্য বা আশপাশের কারও মোবাইল থেকে ই-মেল পাঠানো যাবে বলে জানিয়েছেন তিনি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে সমীক্ষার জন্য কর্মীদের পাঠানোর চেষ্টা করা হবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। দিলীপ ঘোষ জানিয়েছেন, গত এক মাস ধরে বিধায়ক, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে যাতে কোনও যোগ্য পরিবার আবাস প্লাসের সমীক্ষার আওতার বাইরে না থাকে। তারপরেও কোথাও কর্মীরা পৌঁছতে না পারলে সংশ্লিষ্ট পরিবারগুলিকে নিজেদের উদ্যোগে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুধু নিজের পরিবারের ক্ষেত্রেই নয়, আশপাশে এমন কোনও যোগ্য পরিবার থাকলে, যাদের বাড়িতেও এখনও সমীক্ষা হয়নি, তাদের তথ্য পাঠাতেও সহযোগিতা করার আবেদন জানানো হয়েছে। মন্ত্রীর বার্তায় স্পষ্ট করা হয়েছে, ১৫ আগস্ট সমীক্ষা শেষ হয়ে গেলে পরবর্তী সুযোগ কবে আসবে তা নিশ্চিত নয়। ফলে যোগ্য হয়েও কোনও পরিবার সমীক্ষার বাইরে থেকে গেলে দীর্ঘদিন সরকারি আবাসন সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবাস প্লাসের তালিকায় প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেই শেষ মুহূর্তে এই আবেদন জানানো হয়েছে বলে মনে করা হচ্ছে। যোগ্য কোনও পরিবার যাতে সমীক্ষার বাইরে না থাকে, সেটিই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।

Loading