August 19, 2026

পর্যটন দপ্তরেও এবার ড্রেস কোড, পর্যটকদের সুবিধায় জেলায় জেলায় হেল্পলাইন

সোমালিয়া ওয়েব নিউজ: পুলিশ বিভাগের ধাঁচে এবার রাজ্যের পর্যটন দপ্তরের অধীন কর্মীদের জন্যও ড্রেস কোড চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এই পরিকল্পনার কথা জানান। তাঁর বক্তব্য, পর্যটন পরিষেবাকে আরও সুশৃঙ্খল ও পেশাদার করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

পর্যটন দপ্তরের অধীন West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL)-এ এই ড্রেস কোড চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। পর্যটকদের কাছে দপ্তরের কর্মীদের সহজে চিহ্নিত করার পাশাপাশি পরিষেবার ক্ষেত্রে আরও পেশাদারিত্ব আনাই এর অন্যতম উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলিতে বিশেষ হেল্পলাইন চালুর কথাও জানান পর্যটনমন্ত্রী। তাঁর প্রস্তাব অনুযায়ী, প্রত্যেক জেলায় এবং পুলিশ কমিশনারেট এলাকায় যেখানে পর্যটকদের আগমন বেশি, সেই সমস্ত এলাকায় পর্যটকদের সহায়তার জন্য হেল্পলাইন ব্যবস্থা গড়ে তোলা হবে।

এর মাধ্যমে পর্যটকেরা পর্যটনকেন্দ্র সংক্রান্ত তথ্য, নিরাপত্তা, পরিবহণ, থাকার ব্যবস্থা কিংবা কোনও সমস্যায় পড়লে দ্রুত সহায়তা পেতে পারেন। এর আগে সুন্দরবন-সহ গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলির জন্য হেল্পলাইন ও বিশেষ অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিল পর্যটন দপ্তর।

রাজ্য সরকারের পর্যটন পরিকল্পনায় পর্যটকদের জন্য নিবন্ধীকৃত হোটেল, ট্যুর অপারেটর, ট্যাক্সি ও বুকিং অপারেটরদের একটি নির্দিষ্ট ব্যবস্থার আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে। পর্যটকদের প্রতারণা থেকে রক্ষা করা এবং পরিষেবাকে আরও স্বচ্ছ করাই এর অন্যতম লক্ষ্য।

নতুন ড্রেস কোড এবং জেলা-ভিত্তিক হেল্পলাইন ব্যবস্থা বাস্তবায়িত হলে পর্যটকদের সঙ্গে সরাসরি যোগাযোগকারী কর্মীদের পরিচিতি যেমন স্পষ্ট হবে, তেমনই পর্যটন পরিষেবায় শৃঙ্খলা ও জবাবদিহিতাও বাড়বে বলে মনে করছে পর্যটন মহল।

Loading