August 23, 2026

H1N1 নিয়ে আতঙ্কের কারণ নেই, নতুন কোনও স্ট্রেইন শনাক্ত হয়নি: ICMR

সোমালিয়া ওয়েব নিউজ: দেশে H1N1 নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় আশ্বাস দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতে ইনফ্লুয়েঞ্জা A (H1N1)-এর কোনও নতুন স্ট্রেইন শনাক্ত হয়নি। বর্তমানে যে ভাইরাসটি ছড়াচ্ছে, সেটি নতুন কোনও স্ট্রেইন নয় এবং ২০২৫ সাল থেকেই এর উপস্থিতি রয়েছে। ফলে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

ICMR-এর বিজ্ঞানীদের মতে, বর্তমানে ভারতে ছড়িয়ে পড়া H1N1 pdm09 ভাইরাসগুলি A/Missouri/11/2025 (H1N1) pdm09-এর মতো ভাইরাসের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এগুলি 6B.1A.5a2a ক্লেড এবং D.3.1.1 সাবক্লেডের অন্তর্ভুক্ত। বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, বর্তমানে দেশে ছড়িয়ে থাকা ভাইরাসের ধরন উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ইনফ্লুয়েঞ্জা টিকার স্ট্রেইনের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ।

ICMR-এর বক্তব্য, H1N1-সহ মরসুমি ইনফ্লুয়েঞ্জার অধিকাংশ সংক্রমণ সাধারণত নিজে থেকেই নিয়ন্ত্রণে আসে। তাই শুধুমাত্র সংক্রমণের সংখ্যা বাড়ছে বলেই নতুন কোনও মহামারি বা বিপজ্জনক ভাইরাসের আবির্ভাব হয়েছে—এমনটা মনে করার কারণ নেই। তবে জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা বা অন্যান্য উপসর্গ দীর্ঘস্থায়ী হলে, ক্রমশ বাড়লে কিংবা গুরুতর আকার নিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বর্তমানে বিভিন্ন এলাকায় ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের পরিস্থিতির ওপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। ICMR-এর ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ওপর নজর রাখে। সংস্থার তরফে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা, অসুস্থ অবস্থায় অন্যের সংস্পর্শ এড়ানো এবং গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ, H1N1-এর সংক্রমণকে হালকাভাবে না নিলেও বর্তমানে নতুন কোনও স্ট্রেইন ছড়িয়ে পড়েছে—এমন আশঙ্কার ভিত্তি নেই।

Loading