সোমালিয়া ওয়েব নিউজঃ নেপালে ভয়াবহ হড়পা বান ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭০। এখনও নিখোঁজ রয়েছেন এক হাজার তিনশোরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে ২৮৮ জন ভারতীয় পর্যটক রয়েছেন বলে জানা গিয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নেপালের উদ্ধারকারী দল। নেপাল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আরও ৯৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে রাজ্য সরকার প্রতিবেশী নেপালের পাশে রয়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাস এবং নেপালের প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত সমন্বয় রেখে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে দুটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে—০৩৩-২৪৭৯-৩৩১১ এবং ৯১৪-৭৮৯০-১৮১,
নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে নেপালের মানুষের পাশে থাকার আশ্বাস দেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভারতের জনগণ নেপালের ভাই-বোনদের পাশে রয়েছে। ইতিমধ্যেই নয়াদিল্লি থেকে কম্বল, সোলার ল্যাম্প, অস্থায়ী বাসস্থানের উপকরণ ও ওষুধ-সহ ১০ টন ত্রাণসামগ্রী নেপালে পাঠানো হয়েছে।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে জানিয়েছেন, ভারত সব দিক থেকে নেপালের মানুষের পাশে রয়েছে। অন্যদিকে, নেপালে আকস্মিক বন্যার পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহার ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। সীমান্তবর্তী যেসব এলাকায় বন্যার প্রভাব পড়তে পারে, সেখানে স্থানীয় প্রশাসন ও জরুরি পরিষেবা প্রদানকারী দলগুলির পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ-কে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এদিকে, ভয়াবহ এই দুর্যোগের জেরে নেপালের একাধিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধারকাজের পাশাপাশি নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজও চলছে জোরকদমে। বিপুল সংখ্যক মানুষের এখনও কোনও সন্ধান না মেলায় উদ্বেগ বাড়ছে প্রশাসন ও পরিবারের সদস্যদের মধ্যে।

![]()

More Stories
ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবস্থার প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প, মার্কিন নির্বাচনেও চান কড়াকড়ি
আরব বিশ্বে প্রথম, মৃত্যুদণ্ড বিলোপ করল লেবানন
পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা, ইরানে নতুন মার্কিন হামলার দাবি