September 28, 2026

নেপালে মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে তুষারধস, মৃত ৪, নিখোঁজ ১২

সোমালিয়া ওয়েব নিউজঃ নেপালের পার্বত্য মানাং জেলায় মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। মানাংয়ের মুখ্য জেলা আধিকারিক মুক্তি প্রসাদ খানাল জানিয়েছেন, ঘটনাস্থল থেকে চারজনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের মরদেহ আকাশপথে কাঠমান্ডুতে পাঠানো হয়েছে এবং বাকি দুজনের দেহ মানাংয়ের জেলা সদর দফতর চামে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার মাউন্ট হিমলুংয়ের বেস ক্যাম্পে শরৎকালীন পর্বতারোহণের প্রস্তুতি চলছিল। বিভিন্ন অভিযাত্রী দলের দুই ডজনেরও বেশি গাইড ও সহায়ক কর্মী সেখানে দড়ি বাঁধা এবং তাঁবু খাটানোর কাজে নিযুক্ত ছিলেন বলে জানা যায়। তুষারধসের পর ১১ জনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তবে দুর্ঘটনার সময় বেস ক্যাম্পে মোট ২৭ জন উপস্থিত ছিলেন বলে মনে করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার মোতায়েন করে জোরদার উদ্ধার অভিযান শুরু হয়েছে। কয়েক দিন ধরে প্রবল বৃষ্টির জেরে মানাং-সহ নেপালের বিভিন্ন এলাকায় ভূমিধস ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বর্তমানে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধারকাজে সুবিধা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Loading