সোমালিয়া ওয়েব নিউজ: একদিকে আধুনিক প্রযুক্তির দাপট, অন্যদিকে মোবাইল ফোন, ভিডিও গেম, টিভি আর ইন্টারনেটের রঙিন দুনিয়ায় ক্রমশ হারিয়ে যাচ্ছে ছোটবেলার চেনা শৈশব। শিশুদের হাতে এখন স্মার্টফোন, অথচ একসময় যে খেলনাগুলো সামান্য আনন্দেই ভরিয়ে দিত ছোট্ট মন, সেগুলির সঙ্গে আজকের প্রজন্মের পরিচয়ও অনেকটাই কমে এসেছে। তবুও সময়ের স্রোতের সঙ্গে লড়াই করে আজও ঐতিহ্য ধরে রেখেছেন কিছু মানুষ। তাঁদের হাত ধরেই বেঁচে রয়েছে গ্রামবাংলার সেই চিরচেনা খেলনা।
তেমনই এক ছবি দেখা গেল হুগলি জেলার গোঘাটের ভিকদাসের হাটে। মাথায় ঝাঁপি নিয়ে হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে খেলনা বিক্রি করছেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর। তাঁর ঝাঁপিতে রয়েছে ঢোলক, চটপটি গাড়ি, ছোটদের বেহালার মতো একসময়ের জনপ্রিয় সব খেলনা। শুধু ভিকদাসের হাট নয়, গ্রাম থেকে শহর, পাড়া থেকে মহল্লা, বিভিন্ন হাট-বাজার ও মেলায় ঘুরে ঘুরেই চলে তাঁদের জীবিকা।
এই খেলনাগুলি কেবল বিনোদনের উপকরণ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে শিশুর কৌতূহল, পর্যবেক্ষণ এবং শেখার আনন্দ। ঘর্ষণে কীভাবে শব্দ তৈরি হয়, কীভাবে ছোট্ট বেহালায় সুর ওঠে, কিংবা সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে একটি খেলনা গাড়ি চলতে পারে—খেলার ছলেই শিশুরা জানতে পারে বিজ্ঞানের সহজ কিছু বিষয়। অর্থাৎ আনন্দের পাশাপাশি এই খেলনাগুলি শিশুদের চিন্তাভাবনা ও মানসিক বিকাশেও সহায়ক।
আনোয়ার জানান, কলকাতা থেকে খেলনা তৈরির কাঁচামাল সংগ্রহ করে পরিবারের সকলে মিলে তাঁরা নিজেরাই এই খেলনাগুলি তৈরি করেন। মাটির চাকা, ছোট প্লেট, বাঁশ, চামড়া-সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয় এই অভিনব খেলনা। আরামবাগে তাঁদের কয়েকজনের ভাড়া বাড়ি রয়েছে। সেখান থেকেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে তাঁদের ব্যবসা। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই কাজ করে আসছেন তাঁরা। তবে এই খেলনা তৈরির কারিগর ক্রমশ কমে যাওয়ায় ঐতিহ্যটি ধরে রাখাই এখন তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ।
তবে আশার কথা, আধুনিক খেলনার ভিড়েও আজও এই দেশজ খেলনার চাহিদা একেবারে ফুরিয়ে যায়নি। শুধু শিশুরাই নয়, বড়দেরও আকৃষ্ট করে এই খেলনা। অনেকদিন পর পরিচিত চটপটি গাড়ি কিংবা ছোট্ট বেহালা দেখে যেন মুহূর্তের জন্য ফিরে আসে তাঁদের ফেলে আসা শৈশব। হাটের মধ্যেই অনেককে দেখা গেল নিজের হাতে খেলনা গাড়ি চালিয়ে আবার কেউ ঢোলক বাজিয়ে আনন্দে মেতে উঠতে।
আসলে কিছু খেলনা শুধু খেলনা নয়, সেগুলি এক একটি সময়ের স্মৃতি, এক একটি প্রজন্মের আবেগ। প্রযুক্তি হয়তো বদলে দিয়েছে খেলার ধরন, কিন্তু শৈশবের সেই সরল আনন্দের আবেদন আজও অমলিন। আনোয়ারদের মতো মানুষরা তাই শুধু খেলনা বিক্রি করছেন না, অজান্তেই বাঁচিয়ে রাখছেন আমাদের ফেলে আসা শৈশব, লোকশিল্পের ঐতিহ্য এবং গ্রামবাংলার এক টুকরো সংস্কৃতি।

![]()

More Stories
মাটির গন্ধে ছন্দের দোলা! কাঁসার থালা-বাটির ঝংকারে আজও বেঁচে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘সারপা’ নাচ ও গান
রাজ্যে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি কোর্স চালুর ভাবনা, আধুনিকীকরণ করা হবে রূপকলা কেন্দ্রের
শিক্ষা দপ্তরের সব অফিস ও প্রতিষ্ঠানে নেতাজির ছবি রাখা বাধ্যতামূলক