সোমালিয়া ওয়েব নিউজঃ সরকারি প্রশাসনের কাজে বাংলা ভাষার ব্যবহার আরও সহজতর ও কার্যকর করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকায় সরকারি দপ্তরের নথিপত্র থেকে শুরু করে চিঠিপত্র, বিজ্ঞপ্তি, আদেশনামা-সহ প্রশাসনিক কাজের বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের যোগাযোগ আরও সহজ ও স্বচ্ছ করতেই এই উদ্যোগ।
নির্দেশিকা অনুযায়ী, সরকারি দপ্তরে তৈরি হওয়া বিভিন্ন নথি, অফিসিয়াল চিঠি, বিজ্ঞপ্তি, নির্দেশ এবং আদেশনামায় বাংলা ভাষার ব্যবহারকে অগ্রাধিকার দিতে হবে। প্রশাসনিক কাজে বাংলা ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনও ধরনের অসুবিধা না হয় এবং দপ্তরগুলির মধ্যে সমন্বয় বজায় থাকে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের প্রক্রিয়া পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশ দেওয়ার জন্য মুখ্যসচিবের নেতৃত্বে একটি রাজ্যস্তরের পরিচালন সমিতি গঠন করা হয়েছে।
এই পরিচালন সমিতি রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার কতটা কার্যকরভাবে হচ্ছে, তা পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ দেওয়া হবে। প্রশাসনিক পরিভাষার ব্যবহার, সরকারি নথির ভাষা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সংক্রান্ত তথ্য আরও সহজবোধ্য করে তোলার বিষয়েও সমিতি নজর রাখবে।
রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে প্রশাসনিক কাজে বাংলা ভাষার ব্যবহার আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকার সাধারণ মানুষ যাতে সরকারি দপ্তরের চিঠিপত্র, বিজ্ঞপ্তি ও নির্দেশিকা সহজেই বুঝতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। সরকারি কাজে মাতৃভাষার ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগের ব্যবধানও এই উদ্যোগের মাধ্যমে কমবে বলে আশা করা হচ্ছে।

![]()

More Stories
বিদ্যাসাগর শিক্ষা সম্মানে প্রশান্ত মারিক
প্রতিটি জেলায় দুটি করে ‘সিএম শ্রী’ শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নতুন সরকারের প্রথম তিন মাসে রাজস্ব আদায়ে ১৮ শতাংশ বৃদ্ধি, নজরদারি ও কর ফাঁকি রোধে জোর