October 8, 2026

বারাণসীতে কোচবিহার কালীবাড়ি চত্বরে ৮০ কোটি টাকার আতিথেয়তা কেন্দ্র

সোমালিয়া ওয়েব নিউজঃ বারাণসীর সোনারপুরায় অবস্থিত ঐতিহাসিক কোচবিহার কালীবাড়ি চত্বরে প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। আজ প্রস্তাবিত প্রকল্পের স্থান পরিদর্শন করে এর রূপরেখা খতিয়ে দেখেন রাজ্যের পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

প্রস্তাব অনুযায়ী, প্রায় দু’একর জমির উপর নয়তলা আধুনিক আতিথেয়তা কেন্দ্র গড়ে উঠবে। সেখানে থাকবে ৬০টি অতিথিকক্ষ, ১০টি স্যুইট, রেস্তোরাঁ, ব্যাঙ্কোয়েট হল, জিমনেসিয়াম, কফি শপ, গ্রন্থাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পর্যটকদের পাশাপাশি বারাণসীতে আসা বাংলার মানুষজনের কাছেও এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

প্রকল্পের পাশাপাশি ঐতিহাসিক কোচবিহার কালীবাড়ি মন্দির এবং হাওয়ামহলের সংস্কার করা হবে। সংস্কারের ক্ষেত্রে দুই ঐতিহাসিক স্থাপনার ঐতিহ্য ও স্থাপত্যশৈলী অক্ষুণ্ণ রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। হাওয়ামহলকে ভবিষ্যতে প্রিমিয়াম আবাসন হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পর্যটন অধিকর্তা তথা পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর সুমন্ত সহায়, পশ্চিমবঙ্গ পর্যটনের প্রধান প্রকৌশলী পি. পি. সিনহা, পরামর্শদাতা স্থপতি এবং কোচবিহার কালীবাড়ি ট্রাস্ট বোর্ডের প্রতিনিধিরা।

Loading