সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের বিভিন্ন আদালত এবং আদালতের বাইরে আইনজীবীদের উপর একের পর এক হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে বিষয়টি নিয়ে শুনানি হয়। আদালতে আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বারুইপুর, চন্দননগর, কলকাতার ব্যাঙ্কশাল আদালত-সহ বিভিন্ন জায়গায় আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর বারুইপুর আদালত চত্বরে হামলার অভিযোগ ওঠে। পাশাপাশি আইনজীবী শামিম আহমেদের উপর হামলার অভিযোগও আদালতের সামনে তুলে ধরা হয়।এদিন প্রবীণ আইনজীবী ও প্রাক্তন সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাটিও আদালতের দৃষ্টি আকর্ষণ করে। অভিযোগ, বৃহস্পতিবার ভোরে তাঁর বাড়িতে কাচের বোতল ছুড়ে জানলার কাচ ভাঙা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে রয়েছে। আইনজীবীদের অভিযোগ, একাধিক ঘটনায় এফআইআর দায়ের হলেও পরবর্তী তদন্ত বা গ্রেফতার নিয়ে স্পষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, এই ধরনের ঘটনায় সঠিক ও কার্যকর তদন্ত হওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে আইনজীবীদের উপর হামলার ঘটনায় কতগুলি এফআইআর দায়ের হয়েছে এবং প্রতিটি মামলায় এখনও পর্যন্ত রাজ্য কী পদক্ষেপ করেছে, তা বিস্তারিতভাবে জানাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল, শুক্রবারের মধ্যে সেই রিপোর্ট পেশ করতে হবে। একইসঙ্গে আইনজীবীদের কর্মবিরতির পথেও না যাওয়ার পরামর্শ দিয়েছে আদালত। বিচারপ্রার্থীদের যাতে মামলার শুনানি থেকে বঞ্চিত হতে না হয়, সে বিষয়েও সতর্ক করেছে প্রধান বিচারপতির বেঞ্চ।
![]()

More Stories
বৈধ লাইসেন্স বা অনুমতি ছাড়া পশুপাখি বিক্রির অনুমতি নয়
শিলিগুড়িতে পাচারের আগেই প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার
রাজ্যে আগামী দু’বছরে চারটি নতুন বিমানবন্দর, কেন্দ্র-রাজ্যের সমঝোতা