October 9, 2026

বিশ্ব ডাক দিবস উপলক্ষে জাতীয় ডাক সপ্তাহ শুরু, আধুনিকীকরণ ও প্রযুক্তিনির্ভর পরিষেবায় জোর

সোমালিয়া ওয়েব নিউজঃ বিশ্ব ডাক দিবস উপলক্ষে আজ থেকে জাতীয় ডাক সপ্তাহ উদ্‌যাপন শুরু করেছে পশ্চিমবঙ্গ ডাক বিভাগ। সপ্তাহব্যাপী এই কর্মসূচির এ বছরের প্রতিপাদ্য— ‘ওয়ার্ল্ড পোস্ট ডে: ওয়ান পোস্টাল নেটওয়ার্ক, ইনফিনিট পসিবিলিটিজ়’। ডাক পরিষেবার আধুনিকীকরণ, প্রযুক্তির ব্যবহার এবং নাগরিকমুখী পরিষেবা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। ডাক সপ্তাহের উদ্বোধন উপলক্ষে কলকাতার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে ইতিমধ্যেই পাঁচটি ‘নেক্সট জেনারেশন’ ডাকঘর চালু হয়েছে। পাশাপাশি, আয়ুষ্মান ভারত প্রকল্পে ই-কেওয়াইসি সম্পন্ন করা এবং উপভোক্তাদের বাড়িতে কার্ড পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে। আধার পরিষেবা সম্প্রসারণ, দ্রুতগতির স্পিড পোস্ট পরিষেবা চালু রাখা এবং সৌরশক্তি প্রকল্প সংক্রান্ত বার্তা ডাক পরিষেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। জাতীয় ডাক সপ্তাহ উপলক্ষে আগামী ১২ অক্টোবর ডাকটিকিট দিবস, ১৩ অক্টোবর আর্থিক অন্তর্ভুক্তি দিবস, ১৪ অক্টোবর মেল ও পার্সেল দিবস এবং ১৫ অক্টোবর প্রযুক্তি ও উদ্ভাবন দিবস পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে ডাক পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত ও জনমুখী করে তোলার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

Loading