November 20, 2026

Oplus_16908288

১ ডিসেম্বর থেকে সহায়ক মূল্যে ধান কিনবে রাজ্য! কুইন্টালে ২০০ টাকা বোনাস, সাধারণ ধানে মিলবে ২,৬৪১ টাকা

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সুখবর। ২০২৬-২৭ খরিফ মরশুমে আগামী ১ ডিসেম্বর থেকে সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। সরকারি উদ্যোগে ধান বিক্রি করে যাতে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি এবং রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকরা সরকারি ক্রয়কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন। এবারের মরশুমে সাধারণ ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২ হাজার ৪৪১ টাকা এবং গ্রেড-এ মানের ধানের দাম কুইন্টাল প্রতি ২ হাজার ৪৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর পাশাপাশি সাধারণ ধান বিক্রির ক্ষেত্রে কুইন্টাল প্রতি অতিরিক্ত ২০০ টাকা বোনাস দেওয়ার কথা জানিয়েছে খাদ্য দপ্তর। ফলে সাধারণ ধানের ক্ষেত্রে বোনাস-সহ কৃষকরা কুইন্টাল প্রতি ২ হাজার ৬৪১ টাকা পাবেন।

সরকারের এই সিদ্ধান্তে ধান চাষিদের একাংশের মুখে হাসি ফুটবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারদরের ওঠানামার মধ্যে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রির সুযোগ কৃষকদের কিছুটা স্বস্তি দিতে পারে।

এখন দেখার, ১ ডিসেম্বর থেকে ধান কেনার প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং কতজন কৃষক এই সরকারি উদ্যোগের সুবিধা পান।

Loading