সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে আয়োজিত হচ্ছে উপকূলীয় প্রতিরক্ষা মহড়া ‘সী ভিজিল-২৬’। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে নৌবাহিনীর পশ্চিমবঙ্গের নাভাল অফিসার ইনচার্জ অজয় যাদব জানান, দেশের বিস্তীর্ণ উপকূলরেখা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন ও দুর্বলতা চিহ্নিত করাই এই মহড়ার মূল লক্ষ্য। দেশের প্রায় ১১ হাজার ৯৮ কিলোমিটার উপকূলরেখা জুড়ে বিভিন্ন উপকূলীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে।
এই মহড়ায় ভারতীয় নৌবাহিনীর পাশাপাশি অংশ নেবে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, উপকূলীয় নিরাপত্তা পুলিশ এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা সংস্থা। পাশাপাশি মৎস্যজীবী ও উপকূলবর্তী এলাকার সাধারণ মানুষকেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হবে। অজয় যাদব জানান, ২০০৮ সালের নভেম্বর মাসে মুম্বইয়ে জঙ্গি হামলার পর দেশের উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ২০১৮ সালে ‘সী ভিজিল’ কর্মসূচি চালু করা হয়। এর উদ্দেশ্য হল উপকূলীয় নিরাপত্তা কাঠামোর কার্যকারিতা যাচাই করা এবং সম্ভাব্য অনুপ্রবেশ ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো। এবারের মহড়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় আগামী ১৮ ও ১৯ নভেম্বর পঞ্চম ‘সী ভিজিল’ মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ার মাধ্যমে উপকূলীয় নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যাচাই করা হবে।

![]()

More Stories
তৃণমূলের বিদ্রোহী সাংসদদের জবাব দেওয়ার সময়সীমা বাড়ালেন ওম বিড়লা, শেষ সুযোগ ২৪ নভেম্বর
ধান কাটার মরশুমে ব্যস্ত কামারশালা! যন্ত্রের দাপটে কমেছে কাজ, তবুও ঐতিহ্য আঁকড়ে টিকে রয়েছেন কর্মকাররা
বেসরকারি পরিবহণ শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষার দাবিতে সরব BMS, ১৩ নভেম্বর কলকাতায় মহামিছিল