November 17, 2026

সমাপ্ত হল ২০২৬ সালের চারধাম যাত্রা, শীতের জন্য বন্ধ বদ্রীনাথ ধামের দরজা

সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তরাখণ্ডের চামোলি জেলায় বিশ্বখ্যাত বদ্রীনাথ ধামের দরজা বন্ধ হওয়ার মধ্য দিয়ে সমাপ্তি ঘটল ২০২৬ সালের চারধাম যাত্রার। গতকাল পূর্ণ ধর্মীয় আচার-অনুষ্ঠান, বৈদিক মন্ত্রোচ্চারণ ও প্রাচীন রীতিনীতি মেনে শীতকালীন মরসুমের জন্য বন্ধ করে দেওয়া হয় ভগবান বদ্রী বিশালের মন্দিরের দরজা। দরজা বন্ধের আগে গর্ভগৃহে দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করা হয়। এর মধ্য দিয়েই চলতি বছরের মতো শেষ হল উত্তরাখণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এই তীর্থযাত্রা।

প্রশাসনিক পরিসংখ্যান অনুযায়ী, এবছর চারধাম যাত্রায় দেশ-বিদেশ থেকে ৬৫ লক্ষেরও বেশি পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বদ্রীনাথ ধামে ২৩ লক্ষাধিক এবং কেদারনাথ ধামে প্রায় ১৯ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়েছে। উল্লেখ্য, এর আগে গত ১১ নভেম্বর শীতকালীন মরসুমের জন্য আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কেদারনাথ ধামের দরজা। এবার বদ্রীনাথ ধামের দরজা বন্ধের মধ্য দিয়ে ২০২৬ সালের চারধাম যাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটল।

Loading