November 16, 2026

হিমঘর মজুত আলুর দাম বাড়লেও স্বস্তি নেই চাষি ও ব্যবসায়ীদের! বীজ আলুর বাজারেও মন্দা, রাস্তায় দাঁড়িয়ে একের পর এক গাড়ি

সোমালিয়া ওয়েব নিউজ: হিমঘরে মজুত খাওয়ার আলুর দাম কিছুটা বাড়লেও আলুর বাজারে এখনও কাটেনি মন্দার ছবি। অতিরিক্ত উৎপাদনের জেরে দীর্ঘদিন ধরেই কম দামে বিক্রি হয়েছে আলু। বর্তমানে জ্যোতি আলুর দাম কুইন্টাল প্রতি ৭৮০ টাকা। গত শনিবারও এই দাম ছিল ৮২০ টাকা। অর্থাৎ সাম্প্রতিক সময়ে দামের কিছুটা ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে আলুর বাজারে তেমন স্বস্তি নেই। তবে সরকার যে ভর্তুকি ঘোষণা করেছে তা যদি চাষিরা পায় তাতে করে লাভ ক্ষতির অংকে দুই মুখ অনেকটাই সমান হতে পারে।

ব্যবসায়ী সুশীল নায়েকের বক্তব্য, এ বছর আলুর অধিক উৎপাদনের কারণেই দাম কমেছে। বর্তমানে দাম কিছুটা বাড়লেও তার আগেই কম দামে অধিকাংশ আলু হিমঘর থেকে বেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী মরশুমে আলু চাষের পরিমাণ অনেকটাই কমতে পারে বলে তাঁর আশঙ্কা।

শুধু খাওয়ার আলু নয়, বীজ আলুর বাজারেও দেখা যাচ্ছে একই মন্দার ছবি। গত বছরের তুলনায় এ বছর বীজ আলুর কেনাবেচা অনেকটাই কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। বীজ আলু ব্যবসায়ী গণেশ  ও কুনাল মণ্ডলের কথায়, বীজ আলু বোঝাই গাড়ি দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকছে। আগের মতো দ্রুত গাড়ি খালি হচ্ছে না। বর্তমানে অনেক ক্ষেত্রেই ক্রয়মূল্যের থেকেও কম দামে বীজ আলু বিক্রি করতে হচ্ছে তাঁদের।

ব্যবসায়ীদের আশঙ্কা, আবহাওয়ার পরিবর্তনের উপরেও নির্ভর করছে আগামী দিনের বাজার। বৃষ্টি হলে বীজ আলুর দাম আরও কমতে পারে। অন্যদিকে বৃষ্টি না হলে দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের মতে, গত বছর আলুর ন্যায্য দাম না পাওয়া এবং চাষিদের হাতে পর্যাপ্ত টাকা না থাকায় এ বছর বীজ আলুর চাহিদা কমেছে।

সব মিলিয়ে খাওয়ার আলু থেকে বীজ আলু—দুই বাজারেই মন্দার প্রভাব স্পষ্ট। দাম না পেয়ে একদিকে যেমন চাষিরা আলু চাষে অনীহা দেখাচ্ছেন, অন্যদিকে বিক্রি না হওয়ায় উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদেরও। প্রশ্ন উঠছে, আগামী মরশুমে আলু চাষের পরিমাণ কমলে তার প্রভাব কি পড়বে পরবর্তী সময়ে আলুর বাজারে?

Loading