November 18, 2026

মন্দিরে পশুবলি নিষিদ্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে, বহাল থাকছে ধর্মীয় আচার সংক্রান্ত আইনি ছাড়

সোমালিয়া ওয়েব নিউজ: মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে পশুবলি এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে পশুহত্যা সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বুধবার, ১৮ নভেম্বর এই আবেদন খারিজ করে দেয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের তিন সদস্যের বেঞ্চ। আইনজীবী শ্রুতি বিষ্টের দায়ের করা এই আবেদনে ধর্মীয় প্রথার নামে পশুহত্যা বন্ধ করতে কেন্দ্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছিল।

আবেদনের মূল বিষয় ছিল ১৯৬০ সালের ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট’ বা পশু নির্যাতন প্রতিরোধ আইন। এই আইনের ২৮ নম্বর ধারায় বলা হয়েছে, কোনও সম্প্রদায়ের ধর্মীয় রীতি বা প্রথা অনুযায়ী পশু হত্যা করা হলে তা এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবে না। আবেদনকারীর দাবি ছিল, ধর্মীয় আচার-অনুষ্ঠানের নামে পশুহত্যার ক্ষেত্রে এই আইনি ছাড় প্রত্যাহার করা হোক। সেই উদ্দেশ্যে আইন সংশোধনের জন্য কেন্দ্রের পশুপালন মন্ত্রককে নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়।

আবেদনে আরও যুক্তি দেওয়া হয়, দেশের বিভিন্ন প্রান্তে এখনও ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসেবে পশুবলি প্রচলিত রয়েছে। হিমালয় অঞ্চল, উত্তর-পূর্ব ভারত, ওড়িশা, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকায় এই প্রথার উল্লেখ করা হয়। আবেদনকারীর বক্তব্য ছিল, ধর্মের নামে পশুহত্যা জীবজগতের প্রতি নিষ্ঠুরতার শামিল এবং সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে স্বীকৃত জীবনের অধিকারের বিষয়টির সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।

পশুদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে আরও কঠোর আইন প্রণয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত করে পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়েছিল। এর আগে চলতি বছরের মার্চ মাসে মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে উঠেছিল। সেই সময় কেন্দ্রের পশুপালন মন্ত্রকের কাছে জবাব চেয়েছিল আদালত।

তবে বুধবার আবেদনকারীর বক্তব্য শোনার পর তিন বিচারপতির বেঞ্চ জনস্বার্থ মামলাটি খারিজ করে দেয়।

Loading