November 18, 2026

স্বপ্নাদেশে ফিরে এসেছিলেন মা! ৩৬ বছর ধরে কামারপুকুরের ভট্টাচার্য বাড়িতে পূজিতা হচ্ছেন জাগ্রত জগদ্ধাত্রী

সোমালিয়া ওয়েব নিউজ: কিছু পুজো শুধুই নিয়ম-নিষ্ঠা আর আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। কিছু পুজোর সঙ্গে জড়িয়ে থাকে বিশ্বাস, আবেগ, স্বপ্ন আর কয়েক প্রজন্মের ভক্তির উত্তরাধিকার। গোঘাটের কামারপুকুরের ভট্টাচার্য পরিবারের জগদ্ধাত্রী পুজো যেন তেমনই এক আধ্যাত্মিক কাহিনি। যেখানে দেবীর আগমন ঘটেছিল স্বপ্নাদেশে, আর সেই বিশ্বাসকে আঁকড়ে ধরেই গত ৩৬ বছর ধরে চলে আসছে মায়ের আরাধনা।

ভট্টাচার্য পরিবারের এই পুজোর ইতিহাস অবশ্য আরও প্রাচীন। পরিবারের পূর্বপুরুষদের হাত ধরেই একসময় শুরু হয়েছিল জগদ্ধাত্রী আরাধনা। কিন্তু নানা কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সেই পুজো। সময়ের স্রোতে হারিয়ে যেতে বসেছিল পারিবারিক ঐতিহ্য। ঠিক সেই সময়েই যেন অলৌকিকভাবে ফিরে এলেন মা।

পরিবারের গৃহকর্তা শিবাজী ভট্টাচার্যের স্ত্রী রুনু ভট্টাচার্য একদিন স্বপ্নাদেশ পান। স্বপ্নে চতুর্ভুজা, পরম শান্ত এক দেবীমূর্তির দর্শন পান তিনি। তাঁর উপলব্ধি হয়, মা আবার এই পরিবারে আসতে চান। সেই স্বপ্নের কথা পরিবারের সদস্যদের জানাতেই শুরু হয় নতুন করে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। রুনু দেবী নিজের স্বপ্নে দেখা দেবীমূর্তির অবয়ব মৃৎশিল্পীকে বুঝিয়ে দেন। সেই বর্ণনা অনুযায়ী তৈরি হয় মায়ের প্রতিমা। ডাকের সাজে সজ্জিত সেই প্রতিমায় যেন বাস্তব রূপ পায় তাঁর স্বপ্নের দেবী।

১৯৯১ সালে পুনরায় শুরু হয় এই পুজো। তান্ত্রিক মতে পূজিতা হন দেবী। প্রথমদিকে বলি প্রথা চালু থাকলেও পরবর্তীকালে পরিবারের গুরুদেবের নির্দেশে সেই প্রথা বন্ধ করা হয়। কথিত রয়েছে, ভট্টাচার্য পরিবারের পুজো দর্শন করে গুরুদেব বলেছিলেন, “জগদ্ধাত্রী মা এই গৃহে জাঁকিয়ে বসেছেন, এই পুজো আর কখনও বন্ধ হবে না।” সেই আশীর্বাণী আজও পরিবারের সদস্যদের কাছে পরম বিশ্বাসের বিষয়।

এই পুজোর অন্যতম বিশেষত্ব হল, ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীর পুজো একত্রে নবমীর দিন অনুষ্ঠিত হয়। পরদিন দশমীর পুজো। নবমীর দিন সাত রূপে চণ্ডীপাঠ, কুমারী পুজো এবং নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। প্রায় সাড়ে তিন হাজার মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। বিশেষ আবেগের বিষয়, আজও পরিবারের গৃহকর্ত্রী রুনু ভট্টাচার্য নিজের হাতে কুমারী পুজো করেন।

পরিবারের শিবাজী ভট্টাচার্যের কথায়, মা শুধু তাঁদের পরিবারের দেবী নন, তিনি গোটা কামারপুকুরের রক্ষাকর্ত্রী। মায়ের আগমন মানেই ঘরে আলো জ্বলা, আর তাঁর আশীর্বাদ ছড়িয়ে পড়া সকলের জীবনে।

সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে প্রজন্ম, বদলেছে জীবনের ব্যস্ততা। কিন্তু বদলায়নি ভট্টাচার্য পরিবারের বিশ্বাস। স্বপ্নে দেখা সেই দেবীমূর্তি আজও প্রতি বছর ফিরে আসেন কামারপুকুরের এই বাড়িতে। তাই এই পুজো কেবল ৩৬ বছরের একটি ধর্মীয় আয়োজন নয়, বরং হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনর্জন্ম, এক নারীর স্বপ্নের বাস্তবায়ন এবং কয়েক প্রজন্মের অটুট ভক্তির দলিল।

Loading