দিল্লীতে বিএসএফ-বিজিবি ডিরেক্টর জেনারেল স্তরের ৫৫ তম শীর্ষ বৈঠক

সোমালিয়া ওয়েব নিউজঃ আজ নতুন দিল্লীতে বিএসএফ-বিজিবি ডিরেক্টর জেনারেল স্তরের ৫৫ তম শীর্ষ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, পাচার, অপরাধ, এবং সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএসএফের ডিরেক্টর জেনারেল দলজিৎ সিং চৌধুরী এবং বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৈঠকে নেতৃত্ব দেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে, বিএসএফ জওয়ানদের ওপর বাংলাদেশে দুষ্কৃতীদের হামলা কমাতে দুই দেশ যৌথভাবে পদক্ষেপ নেবে। এর মধ্যে গভীর রাত এবং ভোরে বিএসএফ এবং বিজিবি একত্রে টহল দেবে এবং গ্রামবাসীদের নিরাপত্তা বিষয়ে সচেতন করবে। এছাড়াও, বিএসএফের ডিরেক্টর জেনারেল জানান যে, গত বছর ৫ আগস্ট থেকে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা কমে গেছে এবং সীমান্তে আধুনিক নজরদারি ব্যবস্থা চালু হওয়ার ফলে বেআইনি কার্যকলাপও হ্রাস পেয়েছে। অপরদিকে, বিজিবির ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণ ঘটেছে এমন খবর অতিরঞ্জিত হয়েছে। তিনি জানান, দুর্গাপূজার সময় দেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিলোমিটার ভেতরে প্যান্ডালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা চাওয়া আবেদনের ওপর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Loading