September 21, 2026

মৎস্যক্ষেত্রের উন্নয়নে পশ্চিমবঙ্গকে প্রায় ৯ কোটি টাকা কেন্দ্রের, পুরুলিয়া-বাঁকুড়ায় ৬ অমৃত সরোবরের অনুমোদন

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গের মৎস্যক্ষেত্রের সার্বিক উন্নয়নে প্রায় ৯ কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে কেন্দ্র। পাশাপাশি ‘মিশন অমৃত সরোবর’ প্রকল্পের আওতায় রাজ্যের রুক্ষ ও জলসংকটপ্রবণ জেলা পুরুলিয়া ও বাঁকুড়ায় ছয়টি অমৃত সরোবর তৈরির অনুমোদন মিলেছে। মৎস্যক্ষেত্রের উন্নয়ন নিয়ে আজ নিউটাউনের তাজ তাজ কুটিরে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধবিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পর্যালোচনা বৈঠক হয়।

বৈঠকে রাজ্যের মৎস্যচাষ, মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, জলাশয়কে মৎস্যচাষের কাজে ব্যবহার এবং মৎস্য উৎপাদন বৃদ্ধির মতো একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত কয়েক বছরে রাজ্যে মৎস্যক্ষেত্রে যে কাজগুলি বাকি ছিল, সেগুলি দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশের মৎস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজ্যের মৎস্য উৎপাদন আরও বাড়িয়ে পশ্চিমবঙ্গকে দেশের অগ্রণী মৎস্য উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্যে কেন্দ্র কাজ করছে বলেও জানান তিনি।

এদিনের বৈঠকে বিশেষ গুরুত্ব পায় মিশন অমৃত সরোবর। পুরুলিয়া ও বাঁকুড়ার মতো অপেক্ষাকৃত রুক্ষ এলাকায় ছয়টি অমৃত সরোবর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। ওই জলাশয়গুলিকে ভবিষ্যতে মৎস্যচাষের কাজে ব্যবহার করে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ, গুজরাট ও অসম—এই তিন রাজ্য থেকে মোট ৫০০ টন ইলিশ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। ইলিশ উৎপাদন ও বিপণনের ক্ষেত্রেও রাজ্যগুলির সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মৎস্যক্ষেত্রের পাশাপাশি মৎস্যজীবীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে রাজ্যের প্রকৃত মৎস্যজীবীদের কাছে পৌঁছয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের মাধ্যমে জলাশয়ভিত্তিক মৎস্যচাষের পরিধি বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং মৎস্যজীবীদের আয় বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনে আরও একাধিক উদ্যোগ নেওয়া হতে পারে বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে।

Loading