শিয়ালদহ ডিভিশনে থুতু ফেলে জরিমানা, এপ্রিল মাসে আদায় ৭ লক্ষ টাকারও বেশি

সোমালিয়া ওয়েব নিউজঃ পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন রেল চত্বরে থুতু ফেলার মতো অনভিপ্রেত অভ্যাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রেল কর্তৃপক্ষ। এপ্রিল মাসে চালানো এক নজিরবিহীন অভিযানে ৬ হাজার ১৯৩ জনকে থুতু ফেলার অভিযোগে ধরে, মোট ৭ লক্ষ ৬১ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এই অভিযান পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে. দেউস্কর-এর তত্ত্বাবধানে পরিচালিত হয়। শিয়ালদহ ডিভিশনের প্রায় প্রতিটি স্টেশনে এই অভিযান চালানো হয়েছে।

রেল চত্বরে থুতু ফেলা একটি দণ্ডনীয় অপরাধ। ‘Indian Railways (Penalties for Activities Affecting Cleanliness at Railway Premises) Rules, 2012’ অনুযায়ী, বিশেষ করে Rule 3(B)-এ এই কাজ নিষিদ্ধ এবং Rule 4 অনুযায়ী এই নিয়ম ভঙ্গের জন্য ৫০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে।

শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা বলেন, “মাত্র এক মাসে এতগুলি থুতু ফেলার ঘটনা ধরা পড়া অত্যন্ত হতাশাজনক। এটা কেবল রেল পরিসরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতাকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং জনস্বাস্থ্যের ক্ষেত্রেও বিপজ্জনক। নাগরিক অভ্যাসে পরিবর্তন আনতে সচেতনতা বাড়ানো একান্ত প্রয়োজন।”

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Loading