সোমালিয়া ওয়েব নিউজঃ রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে এক বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্যে আরও ৫১টি নতুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (BPHC) তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এই কেন্দ্রগুলির নির্মাণের জন্য ৩০ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই অর্থ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে জেলা পরিষদগুলির হাতে তুলে দেওয়া হবে, যাতে দ্রুত নির্মাণকাজ শুরু করা যায়। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবায় আরও সহজে এবং সুলভে প্রবেশাধিকার নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারের এই পদক্ষেপের পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের তরফেও এসেছে একটি ইতিবাচক বার্তা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে চলতি অর্থবছরে পশ্চিমবঙ্গের জন্য ৩৯১ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথম কিস্তির অর্থ হিসেবে এই বরাদ্দ দেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, বিগত দুই বছর ধরে শর্ত না মানার অভিযোগে কেন্দ্রীয় সরকার রাজ্যকে এই প্রকল্পে কোনও অর্থ দিচ্ছিল না।
বিশেষজ্ঞদের মতে, এই অর্থ এবং নতুন স্বাস্থ্য কেন্দ্রগুলি রাজ্যের গ্রামীণ ও আধা-গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। একইসঙ্গে, কেন্দ্র-রাজ্য সম্পর্কের জট কিছুটা হলেও কাটছে বলেই মনে করা হচ্ছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, এই কেন্দ্রগুলি তৈরির ক্ষেত্রে নির্মাণের গুণমান, পরিকাঠামোগত প্রয়োজনীয়তা এবং চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার দিকগুলি বিশেষ নজরে রাখা হবে।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম, ২২ জনের দল রাতের বিমানে রওনা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের