September 24, 2026

নামামি ভারতম’-এ এক সুরে ‘বন্দে মাতরম’, ২৫ সেপ্টেম্বর দেশজুড়ে গণসংগীত

সোমালিয়া ওয়েব নিউজ: ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাত্রি ১১টায় দেশজুড়ে আয়োজিত হতে চলেছে ‘নামামি ভারতম’ শীর্ষক গণসংগীত কর্মসূচি। বিদ্যা ভারতীর উদ্যোগে বিভিন্ন বিদ্যালয় ও প্রতিষ্ঠানে এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে। নির্ধারিত সময়ে অংশগ্রহণকারীরা একসঙ্গে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ পরিবেশন করবেন।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল ‘বন্দে মাতরম’-এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের সঙ্গে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যুক্ত করা। একই সময়ে, একই সুরে সম্মিলিতভাবে গান পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় চেতনা ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধার ভাবনা তুলে ধরাই কর্মসূচির মূল ভাবনা। 

‘নামামি ভারতম’ কর্মসূচিতে শুধু বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারাই নন, অভিভাবক এবং স্থানীয় সমাজের আগ্রহী নাগরিকদেরও অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ে আগে থেকেই গানটির অনুশীলন এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। 

উল্লেখ্য, ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বছরব্যাপী নানা কর্মসূচি চলছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই গান ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস ও জাতীয় চেতনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। সেই ঐতিহাসিক গানকে কেন্দ্র করে ২৫ সেপ্টেম্বরের এই সম্মিলিত পরিবেশনের আয়োজন করা হচ্ছে।

২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় একযোগে ‘বন্দে মাতরম’ পরিবেশনের মধ্য দিয়ে ‘নামামি ভারতম’ কর্মসূচিতে অংশ নেবেন বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অংশগ্রহণকারীরা।

Loading