February 4, 2026

মৃত্যুর পরেও কমিউনিস্ট: বুকে ‘গণশক্তি’ নিয়েই শেষযাত্রায় কমরেড গুণধর গোপ

সোমালিয়া ওয়েব নিউজঃ জীবনভর যাঁর চিন্তা, চেতনা ও লড়াই একটাই আদর্শকে ঘিরে—মৃত্যুর পরেও তাঁর প্রতীক বদলায় না। শয্যাশায়ী অবস্থাতেও যিনি ‘গণশক্তি’ পত্রিকাটাকে বুকের কাছে টেনে নিতেন, শেষ নিঃশ্বাসের আগেও যাঁর অনুরোধ ছিল—“আমি মারা গেলে আমার বুকে যেন গণশক্তিটা রাখা হয়”—আজ তাঁর সেই ইচ্ছাই পূরণ করলেন উত্তরসূরি কমরেডরা।

৮৬ বছর বয়সে গতকাল প্রয়াত হলেন খাতড়া, বাঁকুড়ার সর্বজনশ্রদ্ধেয় প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড গুণধর গোপ। পেশায় শিক্ষকতা করতেন মশিয়াড়া উচ্চ বিদ্যালয়ে। ষাটের দশকে কংসাবতী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মুকুটমণিপুরে যে জমিতে জলাধার তৈরি হয়েছিল সেখানে চাষীদের ক্ষতিপূরণের জন্য তিনি লড়াই করেছিলেন। ১৯৭৪ থেকে ৭৮ খাতরা লোকাল কমিটির সদস্য ছিলেন। তার তাঁর প্রয়াণ শুধু একটি মানুষের মৃত্যু নয়, এ যেন এক আদর্শবাদী অধ্যায়ের অবসান।

আজ তাঁর নিথর দেহের বুকে রাখা ছিল না কোনও ধর্মগ্রন্থ, ছিল না কোনও আচার-অনুষ্ঠানের প্রতীক। সেখানে ছিল একটিই বস্তু—‘গণশক্তি’। যে পত্রিকা তাঁর কাছে ছিল আদর্শের কণ্ঠস্বর, সংগ্রামের হাতিয়ার, জীবনের সঙ্গী। যে পত্রিকা তিনি পড়েছেন, ছড়িয়েছেন, আগলে রেখেছেন মৃত্যুর ঠিক আগের দিন পর্যন্ত।

এ দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়েন উপস্থিত অসংখ্য কমরেড, সহযোদ্ধা ও স্থানীয় মানুষ। অনেকের চোখে জল, অনেকের কণ্ঠ রুদ্ধ। কেউ কেউ বলছিলেন—
“এটা শুধু শ্রদ্ধাঞ্জলি নয়, এটা এক ইতিহাস।”

কমরেড গুণধর গোপ ছিলেন রক্তে কমিউনিস্ট, মনে কমিউনিস্ট, জীবনের প্রতিটি পরতে কমিউনিস্ট। পার্টির জন্য ত্যাগ, মানুষের জন্য লড়াই আর আদর্শের সঙ্গে আপসহীন থাকা—এই ছিল তাঁর জীবনদর্শন। ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যকে কখনও গুরুত্ব দেননি। দলই ছিল তাঁর পরিবার, সংগ্রামই ছিল তাঁর ধর্ম।

মৃত্যুর পরেও তিনি সেই বার্তাই রেখে গেলেন—
আদর্শ কখনও মারা যায় না।

সাধারণত শেষযাত্রায় মানুষকে চেনা হয় ধর্মীয় পরিচয়ে। কিন্তু কমরেড গুণধর গোপ প্রমাণ করলেন, মানুষের আসল পরিচয় তার বিশ্বাসে, তার আদর্শে। তাঁর বুকে রাখা ‘গণশক্তি’ আজ শুধু একটি পত্রিকা নয়—এটি হয়ে উঠেছে এক জীবনের সারাংশ।

রাজনৈতিক মহলের মতে, এমন দৃশ্য বিরল। পার্টির প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা, এমন ত্যাগ, এমন আনুগত্য সকলের পক্ষে সম্ভব নয়—সম্ভব নয় বলেই এটি ইতিহাস হয়ে থাকে।

কমরেড গুণধর গোপ চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এক অনন্য দৃষ্টান্ত—
মরনের পরেও কমিউনিস্ট।

Loading