সোমালিয়া ওয়েব নিউজঃ নয়াদিল্লি/কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ও মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগেই উত্তপ্ত জাতীয় রাজনীতির আবহে দিল্লিতে রাজ্য পুলিশের বাড়তি টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ডিএসপি ও এক ইন্সপেক্টরের নেতৃত্বে মোট ২২ জনের একটি দল দিল্লি যাচ্ছেন। দলে মহিলা ও পুরুষ—দুই ধরনের পুলিশ কর্মীই থাকছেন। পাশাপাশি RAF-এর সেকেন্ড ব্যাটালিয়নও দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে বলে জানা গিয়েছে।
সূত্র অনুযায়ী, রাজ্য পুলিশের বাড়তি টিমের একটি বড় অংশ রাত ১টা ৪০ মিনিটের বিমানে কলকাতা থেকে দিল্লি রওনা দেবে। টিকিট সংক্রান্ত সমস্যার কারণে বাকিদের ভোরের অন্য ফ্লাইটে ধাপে ধাপে পাঠানো হবে বলে খবর।
এদিকে দিল্লিতে বঙ্গভবনের নিরাপত্তা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাতের আগের দিন থেকেই দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা চরমে। সোমবার সকাল থেকে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হ্যালি রোডের ওল্ড বঙ্গভবন এলাকায় আচমকা নিরাপত্তা তৎপরতা বৃদ্ধি পায়। জানা গিয়েছে, সেখানে প্রায় ১০০টি পরিবার থাকেন। নিরাপত্তা বাড়ানো নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, দিল্লি পুলিশকে ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করে বলেন, পরিস্থিতি অস্বাভাবিকভাবে ‘যুদ্ধের মতো’ তৈরি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির খবর পেয়েই তিনি ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সাউথ অ্যাভিনিউয়ের বাসভবন থেকে দ্রুত বঙ্গভবনে পৌঁছন।
ঘটনার পর মুখ্যমন্ত্রী বলেন, “এখন নমস্কার করার সময় নয়, মানুষ দুঃখে আছে। বাড়িতে পরার শাড়ি পরে বেরিয়ে এসেছি আমি যেই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনও কারণ নেই।”
রাজ্য পুলিশের অতিরিক্ত বাহিনী দিল্লিতে মোতায়েনের সিদ্ধান্তকে কেন্দ্র করে পরিস্থিতি আরও কতটা ঘনীভূত হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

![]()

More Stories
কয়লা পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গে ইডির তল্লাশি অভিযান, দুর্গাপুর ও বুদবুদে হানা
লোকভবনে রাজ্যপালের কাছে SIR সংক্রান্ত দাবিপত্র বিজেপি বিধায়কদের
রেশন ব্যবস্থায় ডিলারদের ‘শোষণ’, হ্যান্ডেলিং লসে ক্ষতি, সার্ভার সমস্যায় নাজেহাল—ক্ষোভ উগরে দিলেন বিপ্লব মজুমদার