সোমালিয়া ওয়েব নিউজ: গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পানীয় তালের রসের কদর চিরকালই বেশি। গ্রীষ্মের দাবদাহ বাড়ার সঙ্গে সঙ্গেই বাংলার গ্রামাঞ্চলে বাড়তে শুরু করেছে তালের রসের চাহিদা। প্রাকৃতিকভাবে মিষ্টি ও ঠান্ডা এই পানীয় বহু মানুষের কাছে শুধু স্বাদের নয়, বরং গ্রামীণ ঐতিহ্যেরও অংশ। বিশেষ করে চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত বিভিন্ন এলাকায় তালগাছ থেকে রস সংগ্রহ করতে দেখা যায় অভিজ্ঞ গাছিদের। তালগাছ বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে বহুদিন ধরেই জড়িয়ে রয়েছে। এই গাছের ফল, পাতা, কাঠের পাশাপাশি তালের রসও অত্যন্ত জনপ্রিয়। ভোরবেলায় সদ্য নামানো ঠান্ডা তালের রস গরমের দিনে অনেকেই পছন্দ করেন। তালের রস সংগ্রহের কাজ অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে। গোঘাটের গোবিন্দপুরের এক অভিজ্ঞ গাছি খোকন হাঁসদা জানান সাধারণত পরিণত ও সুস্থ তালগাছ বেছে নেওয়া হয়। এরপর অভিজ্ঞ গাছিরা দড়ি বা বিশেষ কৌশলের সাহায্যে উঁচু গাছে ওঠেন। গাছের ফুলের ডাঁটি বা মোচার অংশকে প্রথমে কয়েকদিন ধরে প্রস্তুত করা হয়। ধীরে ধীরে সেই অংশ নরম করে কেটে দেওয়া হয় যাতে রস বের হতে শুরু করে। এরপর সেখানে একটি মাটির হাঁড়ি বা পাত্র বেঁধে দেওয়া হয়। রাতভর সেই পাত্রে রস জমতে থাকে। ভোরবেলায় গাছিরা আবার গাছে উঠে সেই রস নামিয়ে আনেন। কারণ সূর্যের তাপ বাড়লে রস দ্রুত গাঁজন হতে শুরু করে এবং স্বাদ বদলে যেতে পারে। অনেক গ্রামীণ পরিবারের কাছে তালের রস সংগ্রহ অতিরিক্ত আয়ের একটি উৎস। কেউ সরাসরি রস বিক্রি করেন, আবার কেউ সেই রস দিয়ে গুড় বা পাটালি তৈরি করেন। বিভিন্ন হাট-বাজারেও গরমের সময় তালের রস বিক্রি হতে দেখা যায়। তালের রস পানকারী বৈদ্যনাথ হাঁসদা জানান এই রস খেলে শরীরের অনেক উপকার হয় এনার্জি পাওয়া যায়। তবে এই সুস্বাদু পানীয়টি পান করার ক্ষেত্রে যেমন রয়েছে প্রচুর পুষ্টিগুণ, তেমনই সঠিক নিয়ম না মানলে তা ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বোটানি বিষয়ের অধ্যাপক জীবন কুমার পাল জানান তালের রস ভিটামিন B-কমপ্লেক্স, আয়রন, পটাশিয়াম এবং ক্যালসিয়ামের এক প্রাকৃতিক উৎস, যা শরীরের ক্লান্তি দূর করে দ্রুত শক্তি জোগাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে লিভারের কার্যকারিতা বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এর বিশেষ ভূমিকা রয়েছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গাছ থেকে রস সংগ্রহের সময় যদি যথাযথ পরিচ্ছন্নতা বজায় না রাখা হয়, তবে তা উপকারের চেয়ে অপকারই বেশি করে। সবচেয়ে বড় আশঙ্কার কারণ হলো নিপাহ ভাইরাস; যদি রাতে বাদুড় রসের হাড়িতে মুখ দেয় বা মলমূত্র ত্যাগ করে, তবে সেই কাঁচা রস পান করা প্রাণঘাতী হতে পারে। এছাড়া সূর্য ওঠার পর দীর্ঘক্ষণ রস রেখে দিলে তাতে দ্রুত গাঁজন (Fermentation) প্রক্রিয়া শুরু হয়, ফলে রস অম্লীয় হয়ে যায় এবং পেটের সমস্যার পাশাপাশি নেশার উদ্রেক করতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তালের রসের প্রকৃত স্বাদ ও পুষ্টি পেতে হলে তা সবসময় টাটকা অবস্থায় পান করা উচিত এবং সবথেকে নিরাপদ উপায় হলো রস ফুটিয়ে নিয়ে পান করা। বিশেষ করে শিশু, গর্ভবতী মহিলা এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কাঁচা রস পানের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ও পরিচ্ছন্ন পরিবেশে সংগৃহীত রসই হতে পারে এই মরসুমের সেরা স্বাস্থ্যকর পানীয়।
শহুরে জীবনে নানা ধরনের ঠান্ডা পানীয়ের ভিড় বাড়লেও গ্রামের বাংলায় এখনও তালের রসের জনপ্রিয়তা অটুট। অনেকের কাছে এটি শুধু একটি পানীয় নয়, বরং শৈশব, গ্রীষ্ম আর বাংলার গ্রামীণ সংস্কৃতির এক আবেগঘন স্মৃতি।

![]()

More Stories
যুব সমাজের পরিবর্তনের ডাক: রাষ্ট্রচিন্তা, অনুশাসন ও কর্মসংস্থানের বার্তা দিল বিজেপি যুব মোর্চা
আরামবাগ পৌরসভার দুরবস্থা, দুর্নীতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মুখ খুললেন বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ
অত্যাচার, হুমকি পেরিয়ে আজও লড়াই চালিয়ে যাচ্ছি”—আরামবাগে বিজেপির সংখ্যালঘু সেল সভাপতির বক্তব্য