সোমালিয়া ওয়েব নিউজ: বিগত সরকারের আমলে নাগরিকদের ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য গড়ে ওঠা বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে নানা ধরনের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতায় ১৭তম সিএসসি (কমন সার্ভিস সেন্টার) দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, বাংলা সহায়তা কেন্দ্রগুলির মাধ্যমে ভুয়ো ভোটার, আধার ও রেশন কার্ড তৈরি করে অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে দেশে থাকার সুযোগ করে দেওয়া হয়েছিল। তাঁর অভিযোগ, এদের অনেকেই পরবর্তীকালে দেশবিরোধী কার্যকলাপেও জড়িয়ে পড়েছে।
মন্ত্রী আরও বলেন, কেন্দ্রের বিভিন্ন উদ্যোগের বিরোধিতা করাই বিগত সরকারের অভ্যাসে পরিণত হয়েছিল। সেই কারণে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুমোদিত কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-কে এ রাজ্যে পূর্ণাঙ্গভাবে কাজ করতে দেওয়া হয়নি। বর্তমান সরকার বাংলা সহায়তা কেন্দ্রগুলিকে সিএসসি-র সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। পাশাপাশি নাগরিকদের ডিজিটাল পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভবিষ্যতে আরও স্বচ্ছতা ও সতর্কতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রীয় আইন বিভাগের সচিব নীরজ বর্মা জানান, অনুমোদনের পর ২০০৯ সালে সিএসসি প্রকল্পের কাজ শুরু হয়। বর্তমানে দেশের ৫ লক্ষ ৬২ হাজারেরও বেশি কমন সার্ভিস সেন্টার দক্ষতার সঙ্গে নাগরিক পরিষেবা প্রদান করছে।
রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনীয়া বলেন, নতুন সরকারের আমলে অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পের মতো সিএসসি-র ডিজিটাল পরিষেবাও রাজ্যে পূর্ণমাত্রায় চালু হলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং পরিষেবা প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অনুপ অগ্রবাল-সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

![]()

More Stories
গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার আর্জি, কেন্দ্রকে রাজ্যের চিঠি
রাজ্যের স্কুলে ধাপে ধাপে ইস্কনের মিড-ডে মিল, ১ আগস্ট থেকে কলকাতায় সূচনা
দুর্গাপুজোকে রাজনীতির প্রভাবমুক্ত রাখার বার্তা বিজেপির