নির্বাচন কভারেজে সংবাদমাধ্যমের ভূমিকা জোরদারে সর্বভারতীয় মিডিয়া সম্মেলন

সোমালিয়া ওয়েব নিউজ: নির্বাচন-সংক্রান্ত সংবাদ পরিবেশনকে আরও তথ্যনির্ভর, দায়িত্বশীল এবং স্বচ্ছ করে তুলতে নির্বাচন কমিশনের উদ্যোগে বৃহস্পতিবার নয়াদিল্লির দ্বারকায় অবস্থিত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM)-এ শুরু হয়েছে ‘সর্বভারতীয় মিডিয়া সম্মেলন ২০২৬’। দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করেছিলেন বিশিষ্ট সিনিয়র সাংবাদিক প্রসেনজিৎ বক্সি, দীপঙ্কর মন্ডল সহ আরো অনেকে।

সম্মেলনের সূচনায় নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল (মিডিয়া) আশিস গয়াল স্বাগত ভাষণ দেন। পরে বক্তব্য রাখেন IIIDEM-এর ডিরেক্টর তথা নির্বাচন কমিশনের আইন বিভাগের উপ-মহানির্দেশক বিজয় কুমার পাণ্ডে।

‘Connecting Stakeholders, Strengthening Democracy: The Role of Media in Elections’ শীর্ষক এই সম্মেলনে ভোটার তালিকা প্রস্তুতি, নির্বাচন পরিচালনার সাংবিধানিক ও আইনি কাঠামো, ভোটগ্রহণ ও ভোটগণনার প্রক্রিয়া, নির্বাচন কমিশনের ডিজিটাল প্ল্যাটফর্ম ECINet-সহ কমিশনের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও ধারণা দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের মতে, এই সম্মেলনের মূল লক্ষ্য নির্বাচন-সংক্রান্ত তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনকে উৎসাহিত করা, ভুয়ো ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার রোধ করা এবং নির্বাচন কমিশন ও সংবাদমাধ্যমের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করা। কমিশনের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি করতে সহায়ক হবে।

Loading