ডাকযোগে ভোটদান ব্যবস্থা নিয়ে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন আজ

সোমালিয়া ওয়েব নিউজঃ ডাকযোগে ভোটদান (Postal Ballot) ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ এবং সহজলভ্য করে তুলতে কলকাতায় আজ একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে নির্বাচন কমিশন। ডাকযোগে ভোটগ্রহণ প্রক্রিয়ার আধুনিকীকরণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং সর্বস্তরের ভোটারদের কাছে এই ব্যবস্থা আরও কার্যকর করে তোলাই সম্মেলনের মূল লক্ষ্য।

সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট (IIIDEM) এবং ইন্টারন্যাশনাল আইডিয়া (International IDEA)-র যৌথ উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই সম্মেলনে পশ্চিমবঙ্গের ২৪টি নির্বাচনী জেলার নির্বাচনী আধিকারিকরা অংশ নেবেন। এছাড়াও নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও কর্মকর্তারা ডাকযোগে ভোটদান ব্যবস্থার বিভিন্ন দিক, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং সকল ভোটারের জন্য সহজলভ্য করে তুলতে কার্যকর সুপারিশ উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

Loading