সামাজিক পেনশন ১,০০০ থেকে বেড়ে ১,৫০০ টাকা, আগস্ট ২০২৬ থেকে কার্যকর

সোমালিয়া ওয়েব নিউজঃ জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি (NSAP) এবং রাজ্য সরকারের সামাজিক কল্যাণ পেনশন প্রকল্পগুলির আওতাভুক্ত উপভোক্তাদের মাসিক আর্থিক সহায়তা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আজ এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণের আশা, ভরসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই সরকারের প্রধান অঙ্গীকার। সেই লক্ষ্যেই প্রবীণ নাগরিক, বিধবা এবং দিব্যাঙ্গ উপভোক্তাদের আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আনতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সরকারের দাবি, পেনশনের পরিমাণ বৃদ্ধির ফলে লক্ষাধিক উপভোক্তার আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে এবং তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট ২০২৬ মাস থেকে বর্ধিত পেনশন কার্যকর হবে। ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) ব্যবস্থার মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরাসরি জমা করা হবে।

রাজ্য সরকার জানিয়েছে, জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন জনমুখী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Loading