রাজ্যের ক্রীড়াবিদদের জন্য এক ছাতার তলায় সমস্ত পরিষেবা: চালু হচ্ছে সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম

সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্যের খেলাধুলার পরিকাঠামোকে আরও আধুনিক, স্বচ্ছ এবং ক্রীড়াবিদবান্ধব করে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর। রাজ্যের সমস্ত ক্রীড়াবিদদের যাবতীয় পরিষেবা একই ছাতার তলায় আনতে খুব শীঘ্রই একটি সমন্বিত (ইনটিগ্রেটেড) ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হতে চলেছে। বিধানসভায় যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের বাজেটের জবাবিভাষণে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ এই গুরুত্বপূর্ণ ঘোষণার কথা জানান।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এই উদ্যোগের ফলে রাজ্যের প্রতিটি ক্রীড়াবিদের জন্য একটি করে সুনির্দিষ্ট ‘ডিজিটাল আইডেন্টিটি’ বা অনন্য ডিজিটাল পরিচয় তৈরি করা হবে। এর পাশাপাশি একটি সমন্বিত মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব পোর্টাল প্রস্তুত করা হচ্ছে, যার মাধ্যমে খেলোয়াড়রা এক ক্লিকেই তাঁদের ক্রীড়াজীবনের যাবতীয় তথ্য নথিভুক্ত ও পরিচালনা করতে পারবেন।

এই নতুন পোর্টালে যা যা সুবিধা থাকবে:

  • খেলোয়াড়দের প্রোফাইল ও পারফরম্যান্স ট্র্যাকিং: ক্রীড়াবিদদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ, প্রাপ্ত পুরস্কার ও পারফরম্যান্সের বিস্তারিত রিপোর্ট ডিজিটাল আকারে সংরক্ষিত থাকবে।
  • প্রশিক্ষণ ও সরকারি সুবিধা: প্রশিক্ষণ শিবির (টেনিং ক্যাম্প) সংক্রান্ত তথ্য, সরকারি আর্থিক অনুদান, ভাতা এবং ক্রীড়া সংক্রান্ত সুযোগ-সুবিধার আপডেট সরাসরি অ্যাপের মাধ্যমে জানা যাবে।
  • সহজ আবেদন প্রক্রিয়া: প্রশাসনিক কাজের জটিলতা কমিয়ে খেলোয়াড়রা সহজে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

সরকারের এই ডিজিটাল উদ্যোগের ফলে গ্রামীণ ও শহরের উদীয়মান প্রতিভারা যেমন সরাসরি উপকৃত হবেন, তেমনই রাজ্যের ক্রীড়া পরিকাঠামোয় আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছে ক্রীড়ামহল।

Loading