পশ্চিমবঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় নতুন বিজ্ঞপ্তি: প্রশাসনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর Registration of Births and Deaths Act, 1969 এবং West Bengal Registration of Births and Deaths Rules, 2000-এর বিধান অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি (নং ২০৭-সেকি(HFW)/২০২৬) জারি করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার প্রশাসনিক কাঠামোতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এবং পূর্ববর্তী সমস্ত বিজ্ঞপ্তি ও নির্দেশ বাতিল করে নতুন ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি জেলার জেলা শাসক (District Magistrate & Collector) সংশ্লিষ্ট জেলার District Registrar of Births and Deaths হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী সমস্ত ক্ষমতা প্রয়োগ করবেন এবং অধীনস্থ নিবন্ধন কর্তৃপক্ষ নিয়োগ করবেন।

বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতালগুলির জন্য পৃথকভাবে নিবন্ধক নির্ধারণ করা হয়েছে।

  • ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ (BMOH) বা গ্রামীণ হাসপাতালের সুপার সংশ্লিষ্ট ব্লকের গ্রামীণ হাসপাতাল, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং অধীনস্থ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সংঘটিত জন্ম ও মৃত্যুর নিবন্ধক হবেন।
  • জেলা হাসপাতাল (DH), মহকুমা হাসপাতাল (SDH), স্টেট জেনারেল হাসপাতাল (SGH) এবং স্টেট স্পেশালিটি হাসপাতাল (SSH)-এর সুপারিনটেনডেন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধক হিসেবে কাজ করবেন।
  • প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের Medical Superintendent-cum-Vice Principal (MSVP) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত জেলা শাসক (ADM), মহকুমা শাসক (SDO), ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) এবং কলকাতা পৌরসভার Joint Municipal Commissioner-দের অতিরিক্ত জেলা নিবন্ধক (Additional District Registrar) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁরা জেলা নিবন্ধকের নির্দেশ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করবেন।

প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের সচিব (Secretary) অথবা জেলা শাসক মনোনীত অন্য কোনো সরকারি আধিকারিক জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে নিযুক্ত হবেন।

এই বিজ্ঞপ্তির অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধান (Pradhan) আর জন্ম ও মৃত্যু নিবন্ধনের Sub-Registrar হিসেবে কাজ করবেন না। অর্থাৎ, তাঁদের এই ক্ষমতা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

পৌরসভা এলাকায়ও নতুন ব্যবস্থা চালু হয়েছে। এখন থেকে জেলা নিবন্ধক সংশ্লিষ্ট পৌরসভার জন্য একজন সরকারি আধিকারিককে জন্ম ও মৃত্যু নিবন্ধক হিসেবে নিয়োগ করবেন। ফলে পৌরসভার চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার বা প্রশাসক আর নিবন্ধক নিয়োগের কর্তৃপক্ষ থাকবেন না।

কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় Municipal Commissioner জেলা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন এবং তিনি সংশ্লিষ্ট নিবন্ধকদের নিয়োগ করবেন।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই নতুন নিয়ম ২৩ জুলাই, ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পশ্চিমবঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় প্রশাসনিক দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সরকারি প্রশাসনিক আধিকারিকদের হাতে ন্যস্ত করা হয়েছে। এর ফলে নিবন্ধন প্রক্রিয়ায় অধিকতর জবাবদিহিতা, প্রশাসনিক সমন্বয় এবং দ্রুত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই নতুন ব্যবস্থা কার্যকর করেছে। বিজ্ঞপ্তিটি রাজ্যের জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার হিসেবে বিবেচিত হবে।

Loading